...|...|...

তথ্যপ্রযুক্তি

ভুল করে সন্দেহজনক লিঙ্কে ক্লিক করলে করণীয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩৮
Shares
ভুল করে সন্দেহজনক লিঙ্কে ক্লিক করলে করণীয়

ছবি: সংগৃহীত

ইন্টারনেটে প্রতারণার অন্যতম সাধারণ কৌশল হলো ফিশিং লিঙ্ক। অচেনা ফোন নম্বর, ই-মেইল কিংবা বিভিন্ন বার্তার মাধ্যমে পাঠানো এসব লিঙ্ক ব্যবহার করে সাইবার অপরাধীরা ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড এবং আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে ভুলবশত কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক হয়ে গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত কয়েকটি নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া জরুরি।

ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকুন

সন্দেহজনক কোনো লিঙ্কে প্রবেশ করার পর সেখানে লগইন তথ্য, পাসওয়ার্ড, ব্যাংক হিসাবের তথ্য কিংবা ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য চাইলে তা দেওয়া উচিত নয়। এরই মধ্যে কোনো তথ্য দিয়ে থাকলে দ্রুত সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে।

দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন

ফিশিং সাইটে ভুল করে পাসওয়ার্ড দিয়ে ফেললে যত দ্রুত সম্ভব সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা প্রয়োজন। একই পাসওয়ার্ড অন্য কোনো ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম বা আর্থিক অ্যাকাউন্টে ব্যবহার করা হয়ে থাকলে সেগুলোর পাসওয়ার্ডও বদলে ফেলা উচিত।

নিরাপত্তার জন্য প্রতিটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং দুই ধাপের নিরাপত্তা ব্যবস্থা বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা ভালো।

ডিভাইস পরীক্ষা করুন

সন্দেহজনক লিঙ্কে ক্লিকের পর ফোন বা কম্পিউটারে অস্বাভাবিক কিছু ঘটছে কি না, তা খেয়াল রাখতে হবে। অচেনা কোনো অ্যাপ ইনস্টল হয়েছে কি না, অনাকাঙ্ক্ষিত ফাইল ডাউনলোড হয়েছে কি না অথবা ব্রাউজারের সেটিংসে পরিবর্তন এসেছে কি না—এসব বিষয় পরীক্ষা করা জরুরি।

প্রয়োজনে নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার দিয়ে ডিভাইস স্ক্যান করতে হবে। সন্দেহজনক কোনো অ্যাপ বা ফাইল পাওয়া গেলে তা দ্রুত অপসারণ করা উচিত।

ব্যাংক ও কার্ডের লেনদেনে নজর রাখুন

সন্দেহজনক ওয়েবসাইটে ব্যাংক বা কার্ডের তথ্য দিয়ে ফেললে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে কার্ড সাময়িকভাবে বন্ধ করার ব্যবস্থাও নিতে হতে পারে।

পরবর্তী কয়েক দিন ব্যাংক হিসাব ও কার্ডের লেনদেন নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। অপরিচিত বা সন্দেহজনক কোনো লেনদেন দেখা গেলে দ্রুত ব্যাংক কর্তৃপক্ষকে জানাতে হবে।

অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যক্রম দেখলে দ্রুত ব্যবস্থা

অপরিচিত স্থান বা ডিভাইস থেকে লগইন, হঠাৎ পাসওয়ার্ড পরিবর্তনের বার্তা কিংবা নিজের অজান্তে অন্য কোনো কার্যক্রম দেখা গেলে অ্যাকাউন্টটি ঝুঁকিতে পড়েছে বলে ধরে নেওয়া উচিত।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সন্দেহজনক লিঙ্কে পুনরায় প্রবেশ করে কোনো তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।

যেভাবে চিনবেন ফিশিং লিঙ্ক

সাইবার অপরাধীরা অনেক সময় পরিচিত ব্যাংক, প্রতিষ্ঠান বা জনপ্রিয় অনলাইন সেবার ওয়েবসাইটের মতো দেখতে ভুয়া লিঙ্ক তৈরি করে। জরুরি বার্তা, আকর্ষণীয় পুরস্কার, বিশেষ অফার কিংবা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখিয়ে ব্যবহারকারীকে দ্রুত লিঙ্কে ক্লিক করতে উৎসাহিত করা হয়।

তাই অচেনা কোনো উৎস থেকে পাওয়া লিঙ্কে প্রবেশের আগে প্রেরকের পরিচয় এবং ওয়েবসাইটের ঠিকানা ভালোভাবে যাচাই করা উচিত। ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশের প্রয়োজন হলে বার্তায় দেওয়া লিঙ্ক ব্যবহার না করে ব্রাউজারে নিজে থেকে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েব ঠিকানা লিখে প্রবেশ করাই বেশি নিরাপদ।

বিশেষজ্ঞদের মতে, শুধু সন্দেহজনক কোনো লিঙ্কে ক্লিক করলেই সব সময় ফোন বা অনলাইন অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় না। তবে ওই ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেওয়া, ক্ষতিকর ফাইল ডাউনলোড করা বা অজানা সফটওয়্যার ইনস্টল করলে ঝুঁকি অনেক বেড়ে যায়।

তাই ভুল করে সন্দেহজনক কোনো লিঙ্কে ক্লিক হয়ে গেলে ভয় না পেয়ে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।