...|...|...

খেলা

ভারতের কাছে বাংলাদেশের নারীদের লজ্জার হার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৪৮
Shares
ভারতের কাছে বাংলাদেশের নারীদের লজ্জার হার

ছবি: সংগৃহীত

আরও একবার সেমিফাইনালে ভারতের কাছে হেরে নারী এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পুরো ২০ ওভার ব্যাট করেও ৭ উইকেটে ১০৯ রানের বেশি করতে পারেনি নিগার সুলতানার দল। ফলে ভারত জয় পেয়েছে ৪০ রানের ব্যবধানে।

গতকাল রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। তবে ব্যাটিংয়ে ধীরগতির কারণে শেষ পর্যন্ত ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ। এ নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হারল নিগাররা।

ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ককে ২০১৮ সালের এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে জয়ের স্মৃতি মনে করিয়ে দেওয়া হয়েছিল। তবে নিগার জানিয়েছিলেন, অতীত নয়, এটি তাদের জন্য ‘নতুন ম্যাচ‘ । ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরও একইভাবে বর্তমান ম্যাচেই মনোযোগ দেওয়ার কথা বলেছিলেন।

টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের পরিকল্পনা ছিল ভালো বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রেখে ভারতকে কম রানে আটকে দেওয়া। কিন্তু ফিল্ডিংয়ের ভুলে শুরুতেই সেই পরিকল্পনায় ধাক্কা লাগে।

ভারতের ওপেনার শেফালি বর্মা একাধিকবার জীবন পেয়েছেন। শুরুতেই তার দুটি ক্যাচ ফেলে বাংলাদেশ। ৬ রানে ফাহিমা খাতুন এবং ১১ রানে নাহিদা আক্তার শেফালির ক্যাচ ছাড়েন। পরে আরও একটি সুযোগ পান তিনি। সেই সুযোগগুলো কাজে লাগিয়ে ৪০ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন শেফালি।

৩৫ বলে ফিফটি পূর্ণ করেন শেফালি। পরে সুলতানা খাতুনকে টানা তিনটি চার মারার পর চতুর্থ বলে ফারজানা ইয়াসমিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার ইনিংসেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ভারত।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। হারমানপ্রীত কৌর অপরাজিত থাকেন ২৪ রানে। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ২ উইকেট নেন।

জবাবে শুরু থেকেই রান তুলতে হিমশিম খায় বাংলাদেশ। দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের উদ্বোধনী জুটিতে ২৬ রান এলেও এর জন্য খেলতে হয় ৩৩ বল। ফলে প্রয়োজনীয় রানরেট দ্রুত বেড়ে যায়।

দিলারা ২১ রান করে ফেরার পরও বাংলাদেশের ব্যাটিংয়ে গতি আসেনি। অধিনায়ক নিগার সুলতানা করেন ১৯ রান। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন স্বর্ণা আক্তার, ১৮ বলে অপরাজিত এই ইনিংস খেলেন তিনি।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে দীপ্তি শর্মা ৩ উইকেট নিয়ে বাংলাদেশের রান তাড়ার গতি আটকে দেন।

ম্যাচ শেষে নিগার সুলতানা ক্যাচ মিসের পাশাপাশি বোলিংয়ে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়া এবং পাওয়ার প্লেতে পর্যাপ্ত রান তুলতে না পারাকেও হারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৪৯/৬ — শেফালি ৬৪, হারমানপ্রীত ২৪*, সুলতানা ২/৩০।

বাংলাদেশ: ২০ ওভারে ১০৯/৭ — স্বর্ণা ২২*, দিলারা ২১, নিগার ১৯, দীপ্তি ৩/২৬।

ফল: ভারত ৪০ রানে জয়ী।

ম্যাচসেরা: শেফালি বর্মা।