মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহে ক্রমবর্ধমান বিঘ্ন ঘটার প্রেক্ষাপটে ভারতীয় শোধনাগারগুলোতে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল সরবরাহ স্থগিত করেছে সৌদি আরামকো।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দ্য ইকোনমিক টাইমস-এর একটি প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার মুখে সৌদি আরবের পূর্ব-পশ্চিম পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার কারণে উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাইপলাইনটি বন্ধ থাকায় দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরগুলোতে তেল পাঠানো সীমিত হয়ে পড়েছে এবং হরমুজ প্রণালীও বিঘ্নিত থাকায় বিকল্প ব্যবস্থাও কমে গেছে। এর ফলে ইতোমধ্যেই চড়া তেলের দাম, উচ্চ মালবাহী খরচ এবং প্রথাগত সরবরাহ রুট বন্ধ থাকার চাপে থাকা ভারতীয় শোধনাগারগুলোর ওপর সংকট আরও বাড়ল।
প্রসঙ্গত, ভারতীয় শোধনাগারগুলোর জন্য সৌদি ক্রুড অয়েল সবসময়ই আমদানির একটি গুরুত্বপূর্ণ উৎস। সংঘাত শুরু হওয়ার পর থেকে ভারতের মোট তেল আমদানির প্রায় ৯ শতাংশ জুগিয়ে আসছিল আরামকো। তবে ভারতীয় শোধনাগারগুলোর জন্য বর্তমানের তাৎক্ষণিক প্রধান উদ্বেগের বিষয় কেবল বিকল্প বা সমমানের তেলের প্রাপ্যতা নয়, বরং সেই তেলগুলো চড়া দামে সংগ্রহ করতে অতিরিক্ত খরচ হওয়া।
এদিকে, গত বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলারে গিয়ে ঠেকেছিল। বর্তমানেও এর দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলারের ওপরে অবস্থান করছে।


