মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক পরাশক্তি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভারতের তৈরি আধুনিক সামরিক অস্ত্র এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে একাধিক ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির বিষয়ে বর্তমানে উচ্চপর্যায়ের আলোচনা চলছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের আলোচনার টেবিলে থাকা প্রধান সামরিক প্রযুক্তিগুলোর মধ্যে অন্যতম হলো ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি বিশ্বের অন্যতম দ্রুতগতির ও নির্ভুল আঘাত হানতে সক্ষম ক্রুজ মিসাইল হিসেবে পরিচিত।
এর পাশাপাশি আকাশতীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও কথা চলছে। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এটি একটি আধুনিক কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা, যা আকাশপথের যেকোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্রের হুমকি দ্রুত প্রতিহত করতে সক্ষম। এই দুটি প্রধান ব্যবস্থা ছাড়াও ভারতের তৈরি আরও কয়েকটি আধুনিক রাডার ও সামরিক প্রযুক্তি এই সম্ভাব্য ক্রয়ের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
সংযুক্ত আরব আমিরাত মূলত তাদের প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করতে বিভিন্ন ভারতীয় অস্ত্র ব্যবস্থার সক্ষমতা ও কার্যকারিতা মূল্যায়ন করছে। বর্তমানে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এই অস্ত্রগুলোর রণকৌশলগত সুবিধা এবং সম্ভাব্য ক্রয়ের আর্থিক ও কারিগরি শর্তাবলি নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ফিলিপাইনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র রপ্তানি করতে পারা ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের জন্য একটি বড় সাফল্য। এই চুক্তিটি চূড়ান্ত রূপ পেলে বৈশ্বিক অস্ত্র বাজারে একটি প্রধান রপ্তানিকারক দেশ হিসেবে ভারতের অবস্থান আরও মজুত হবে।

