...|...|...

জাতীয়

ভারত থেকে পাইপলাইনে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:৩০ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪০
Shares
ভারত থেকে পাইপলাইনে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

ছবি: সংগৃহীত

দেশে জ্বালানির চাহিদা বাড়ার মধ্যে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে প্রায় ৪৭ লাখ লিটার ডিজেল বাংলাদেশে এসেছে। প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেলের চালানটি দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে পৌঁছেছে।

দিনাজপুর পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল আলম ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, এটি ভারত-বাংলাদেশ জ্বালানি পাইপলাইনের ৭২তম চালানের অংশ।

তিনি জানান, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। ১৫ সেপ্টেম্বর এই প্রক্রিয়া শেষ হয়েছে।

দুই দেশের মধ্যে ২০১৮ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ১৫ বছরে বাংলাদেশে প্রায় ২০ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের কথা রয়েছে। ২০২৩ সালের মার্চে পাইপলাইনটি চালু হওয়ার পর এ পর্যন্ত এর মাধ্যমে বাংলাদেশে ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল এসেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) ২০১৫ সাল থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহ করছে। ভারত ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে এটি দ্বিতীয় আন্তঃসীমান্ত জ্বালানি পাইপলাইন এবং বাংলাদেশ-ভারতের মধ্যে প্রথম এ ধরনের পাইপলাইন।

পাইপলাইনটির মাধ্যমে বছরে সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন হাই-স্পিড ডিজেল (এইচএসডি) পরিবহনের সক্ষমতা রয়েছে।

চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় চাপ তৈরি হলে বাংলাদেশেও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেয়। ওই সময় পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়।

এর পর জুলাইয়ে আরও ৮ হাজার টন পরিশোধিত ডিজেল আমদানি করে বাংলাদেশ। এর আগে এপ্রিল মাসে ২৫ হাজার টন এবং মে মাসে ৮ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছিল।

তথ্যসূত্র: এনডিটিভি