বয়স বাড়ার সাথে সাথে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতায়ও পরিবর্তন আসে। ধীরে ধীরে কমতে পারে স্মৃতিশক্তি, মনোযোগ এবং নতুন তথ্য মনে রাখার সক্ষমতা। তবে বয়সের প্রভাব পড়লেই যে মস্তিষ্কের কর্মক্ষমতা দ্রুত কমে যাবে, এমন নয়। স্বাস্থ্যকর জীবনযাপনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির সহায়তায় মস্তিষ্কের বার্ধক্যজনিত পরিবর্তন পর্যবেক্ষণ এবং এর গতি কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
মস্তিষ্কের বয়স নির্ণয়, স্মৃতিশক্তি ধরে রাখা এবং ডিমেনশিয়া ও আলঝেইমারের মতো রোগের ঝুঁকি আগেভাগে শনাক্ত করার বিষয়ে সাম্প্রতিক সময়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা শহরের দীর্ঘায়ু মানুষের জীবনযাপন থেকে শুরু করে এমআরআই ও এআইনির্ভর প্রযুক্তির ব্যবহার নিয়ে বিভিন্ন গবেষণার তথ্য তুলে ধরেছেন বিবিসির প্রতিবেদনে। প্রতিবেদনে উঠে এসেছে, প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি খাদ্যাভ্যাস, শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম ও সামাজিক যোগাযোগ মস্তিষ্কের সুস্থতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দীর্ঘায়ু মানুষের জীবনযাপনে মস্তিষ্ক সুস্থ রাখার উপায়
বয়স বাড়ার সাথে সাথে ডিমেনশিয়া ও আলঝেইমারের মতো স্নায়বিক রোগের ঝুঁকিও বাড়ে। তাই মস্তিষ্কের স্বাভাবিক বার্ধক্য এবং কোনো রোগের কারণে দ্রুত কার্যক্ষমতা কমে যাওয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করা এখন গবেষকদের অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা শহর বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বিশ্বের পরিচিত ‘ব্লু জোন’গুলোর একটি হিসেবে বিবেচিত এই এলাকায় মানুষের গড় আয়ু তুলনামূলক বেশি। বিশেষ করে সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের দীর্ঘ ও সুস্থ জীবনের পেছনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং সামাজিক সম্পর্কের ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।
লোমা লিন্ডা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক গ্যারি ফ্রেজারের তথ্য অনুযায়ী, এই সম্প্রদায়ের নারীরা সাধারণ মানুষের তুলনায় চার থেকে পাঁচ বছর এবং পুরুষেরা প্রায় সাত বছর বেশি সুস্থ জীবন কাটান। অর্থাৎ শুধু কত বছর বেঁচে থাকা হচ্ছে, তা নয়; জীবনের কতটা সময় রোগমুক্ত ও কর্মক্ষম থাকা যাচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। চিকিৎসাবিজ্ঞানে এই সময়কে বলা হয় ‘হেলথস্প্যান’।
এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগের বিষয়টিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। লোমা লিন্ডার একটি আবাসিক কেন্দ্রে বসবাসকারী জুডির মতে, নিয়মিত মানুষের সাথে কথা বলা এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকা মস্তিষ্ককে সক্রিয় রাখে। অন্যদিকে, দীর্ঘদিন একাকিত্বে কাটালে মস্তিষ্কের কার্যকারিতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এআই দিয়ে জানা যাবে মস্তিষ্কের বয়স
জীবনযাপনের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সাহায্যে মস্তিষ্কের বয়স নির্ণয়ের চেষ্টা করছেন গবেষকেরা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার জেরোন্টোলজি ও কম্পিউটেশনাল বায়োলজির সহযোগী অধ্যাপক আন্দ্রেই ইরিমিয়া এআই ব্যবহার করে এমন একটি মডেল তৈরি করেছেন।
প্রায় ১৫ হাজার মানুষের মস্তিষ্কের এমআরআই স্ক্যানের তথ্য বিশ্লেষণ করে তৈরি এই মডেল মস্তিষ্কের স্বাভাবিক বয়সজনিত পরিবর্তন এবং ডিমেনশিয়ার মতো রোগের কারণে সৃষ্ট পরিবর্তনের মধ্যে পার্থক্য শনাক্ত করতে পারে। বিশেষ করে এমন কিছু সূক্ষ্ম পরিবর্তনও এআইয়ের মাধ্যমে চিহ্নিত করা সম্ভব হচ্ছে, যা সাধারণ পর্যবেক্ষণে সহজে ধরা পড়ে না।
বিবিসি প্রতিবেদক লারা লিউইংটনের মস্তিষ্কের এমআরআই স্ক্যান বিশ্লেষণ করে অধ্যাপক ইরিমিয়া জানান, তার মস্তিষ্কের বয়স প্রকৃত বয়সের তুলনায় আট মাস বেশি। তবে এই পরীক্ষার ফলাফলে প্রায় দুই বছর পর্যন্ত ত্রুটির সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেন তিনি।
শুধু গবেষণাগারেই নয়, বাণিজ্যিক ক্ষেত্রেও এ প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। ব্রেইনকি নামের একটি প্রতিষ্ঠান বিভিন্ন ক্লিনিকে এ ধরনের সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ওয়েন ফিলিপসের মতে, এমআরআই প্রযুক্তি দিন দিন সহজলভ্য ও উন্নত হচ্ছে। ফলে ভবিষ্যতে মস্তিষ্কের বয়সজনিত পরিবর্তন আরও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হতে পারে।
মস্তিষ্ক সুস্থ রাখতে খাদ্যাভ্যাস ও শরীরচর্চা
প্রযুক্তির অগ্রগতি সত্ত্বেও মস্তিষ্কের দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য স্বাস্থ্যকর জীবনযাপনকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞদের একটি বড় অংশ। এ ক্ষেত্রে খাদ্যাভ্যাস, শারীরিক সক্রিয়তা, ঘুম, মানসিক উদ্দীপনা ও সামাজিক সম্পর্কের সমন্বয় জরুরি।
ড্যান বুয়েটনারের ‘দ্য ব্লু জোনস’ বইয়ে দীর্ঘায়ু মানুষের জীবনযাপনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায়, দীর্ঘ ও সুস্থ জীবনের পেছনে শুধু খাবারের ভূমিকা নয়, বরং নিয়মিত চলাফেরা, পরিবার ও সমাজের সাথে যোগাযোগ, জীবনের লক্ষ্য এবং মানসিক প্রশান্তিও গুরুত্বপূর্ণ।
খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল, ডাল, বাদাম ও পূর্ণশস্যের মতো পুষ্টিকর খাবার রাখা যেতে পারে। পাশাপাশি অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার এবং অস্বাস্থ্যকর চর্বি গ্রহণ কমানো প্রয়োজন। পর্যাপ্ত পানি পান ও সুষম খাবার গ্রহণও শরীরের সামগ্রিক সুস্থতার জন্য জরুরি। তবে নির্দিষ্ট কোনো খাবার খেলেই মস্তিষ্কের বার্ধক্য বন্ধ হয়ে যাবে, এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং দীর্ঘদিনের খাদ্যাভ্যাসই এখানে বেশি গুরুত্বপূর্ণ।
নিয়মিত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কিংবা সামর্থ্য অনুযায়ী ব্যায়াম মস্তিষ্কের সুস্থতায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। শরীরচর্চা রক্তসঞ্চালন ও হৃদ্যন্ত্রের কার্যকারিতা ভালো রাখতে সাহায্য করে। এর ফলে মস্তিষ্কে প্রয়োজনীয় রক্ত ও অক্সিজেন সরবরাহ বজায় থাকে। দীর্ঘ সময় বসে কাজ করার অভ্যাস থাকলে মাঝেমধ্যে বিরতি নিয়ে হাঁটাচলা করাও উপকারী।
নতুন কিছু শেখা মস্তিষ্ককে রাখে সক্রিয়
মস্তিষ্কের কার্যক্ষমতা ধরে রাখতে নতুন কিছু শেখার অভ্যাসও গুরুত্বপূর্ণ। বই পড়া, নতুন ভাষা শেখা, বাদ্যযন্ত্র বাজানো, দাবা খেলা কিংবা লেখালেখির মতো কাজে যুক্ত থাকলে মস্তিষ্ক নিয়মিত নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়।
নরম্যান ডয়েজের ‘দ্য ব্রেইন দ্যাট চেঞ্জেস ইটসেলফ’ বইয়ে মস্তিষ্কের পরিবর্তন ও অভিযোজনের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ‘নিউরোপ্লাস্টিসিটি’। এর মাধ্যমে বোঝা যায়, বয়স বাড়লেও মানুষের মস্তিষ্ক শেখা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিজেকে পরিবর্তন করতে পারে। অর্থাৎ বয়স বাড়ার সাথে শেখার সক্ষমতা পুরোপুরি হারিয়ে যায় না। নিয়মিত নতুন দক্ষতা অর্জন ও বুদ্ধিবৃত্তিক চর্চা মস্তিষ্ককে সক্রিয় রাখতে সহায়তা করে।
পর্যাপ্ত ঘুমের সাথে মস্তিষ্কের সম্পর্ক
মস্তিষ্কের সুস্থতা বজায় রাখার ক্ষেত্রে ঘুমের গুরুত্বও অনেক। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির স্নায়ুবিজ্ঞান ও মনোবিজ্ঞানের অধ্যাপক ম্যাথিউ ওয়াকার তার ‘হোয়াই উই স্লিপ’ বইয়ে ঘুমের সাথে মস্তিষ্কের বিভিন্ন কার্যক্রমের সম্পর্ক তুলে ধরেছেন।
পর্যাপ্ত ঘুম স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে। ঘুমের সময় মস্তিষ্কে বিভিন্ন জৈবিক প্রক্রিয়া সক্রিয় থাকে। এর মধ্যে রয়েছে গ্লিম্ফ্যাটিক সিস্টেম, যা মস্তিষ্কের বর্জ্য পদার্থ অপসারণে ভূমিকা রাখে।
আলঝেইমার রোগের সাথে সম্পর্কিত বিটা-অ্যামাইলয়েড ও টাউ প্রোটিনের মতো উপাদান অপসারণের প্রক্রিয়ার সাথেও ঘুমের সম্পর্ক নিয়ে গবেষণা চলছে। এ কারণে দীর্ঘদিন ঘুমের সমস্যা থাকলে তা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
ঘুমের মান ভালো রাখতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া, রাতে অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কমানো এবং ঘুমানোর আগে ক্যাফেইন গ্রহণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। সাধারণত প্রাপ্তবয়স্কদের প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুম প্রয়োজন। তবে বয়স ও ব্যক্তিভেদে এই চাহিদায় পার্থক্য থাকতে পারে।
মানসিক প্রশান্তি ও সামাজিক যোগাযোগের গুরুত্ব
মস্তিষ্কের সুস্থতার জন্য শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরি। দীর্ঘস্থায়ী মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্নতা ও একাকিত্ব মানুষের সামগ্রিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো, সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং পছন্দের কাজে যুক্ত থাকা মানসিক প্রশান্তি বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি বই পড়া, প্রকৃতির কাছাকাছি সময় কাটানো কিংবা সৃজনশীল কাজে অংশ নেওয়াও উপকারী হতে পারে।
এ ছাড়া ধূমপান পরিহার এবং উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা মস্তিষ্কের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এসব স্বাস্থ্যঝুঁকি মস্তিষ্কের রক্তনালি ও স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে।
মস্তিষ্কের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করছে প্রযুক্তি
এআই ও এমআরআই প্রযুক্তির উন্নতির ফলে ভবিষ্যতে মস্তিষ্কের বয়সজনিত পরিবর্তন এবং বিভিন্ন স্নায়বিক রোগের ঝুঁকি আরও আগে শনাক্ত করার সুযোগ তৈরি হতে পারে। তবে মস্তিষ্কের বয়স নির্ণয়ের প্রযুক্তি এখনো গবেষণা ও উন্নয়নের পর্যায়ে রয়েছে। পরীক্ষায় কারও মস্তিষ্কের বয়স প্রকৃত বয়সের চেয়ে কয়েক মাস বেশি পাওয়া গেলেই তার ডিমেনশিয়া হবে কিংবা তিনি অন্যদের তুলনায় কম সুস্থ থাকবেন, এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। এ প্রযুক্তির নির্ভুলতা ও দীর্ঘমেয়াদি কার্যকারিতা যাচাই করতে আরও গবেষণা প্রয়োজন।
গবেষকদের মতে, ঘুমের ধরনেও পরিবর্তন ডিমেনশিয়ার ঝুঁকির সাথে সম্পর্কিত হতে পারে। এ ধরনের পরিবর্তন শুধু ষাট বা সত্তর বছর বয়সে নয়, ত্রিশের দশক থেকেও শুরু হতে পারে। তাই মধ্যবয়স থেকেই ঘুম ও মস্তিষ্কের অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করলে ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগাম ধারণা পাওয়া যেতে পারে।
সব মিলিয়ে, মস্তিষ্কের বার্ধক্য পুরোপুরি বন্ধ করার উপায় এখনো আবিষ্কৃত হয়নি। তবে নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, নতুন কিছু শেখা এবং সামাজিক যোগাযোগ বজায় রাখার মাধ্যমে মস্তিষ্কের সুস্থতা দীর্ঘদিন ধরে রাখার সুযোগ রয়েছে। এর পাশাপাশি এআইনির্ভর প্রযুক্তির অগ্রগতি ভবিষ্যতে মস্তিষ্কের বয়সজনিত পরিবর্তন শনাক্ত ও মোকাবিলায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।


