দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন রোগী।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার (২৫ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫২৬ জনে এবং মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জনে পৌঁছেছে।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন ঢাকা বিভাগে এবং অন্যজন খুলনা বিভাগে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত এক দিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—মোট ৫২৩ জন। এর মধ্যে ঢাকা মহানগরেই নতুন ভর্তি হয়েছেন ১৯৩ জন (সরকারি হাসপাতালে ১৫২ জন এবং বেসরকারি হাসপাতালে ৪১ জন)।
অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, খুলনায় ১২৯ জন, রাজশাহীতে ১১৮ জন, বরিশালে ১১৪ জন, রংপুরে ৫৫ জন, ময়মনসিংহে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে ভর্তি হওয়া ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জন রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪ হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী, যাদের মধ্যে ঢাকা মহানগরের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৭ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছর ঢাকা বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় ৮৮ জন, চট্টগ্রামে ৫৩ জন, ময়মনসিংহে ৪২ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।

