বিশ্ববাজারে তেলের চড়া দাম ও মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার দীর্ঘ সময় উচ্চপর্যায়ে থাকার শঙ্কায় এক ধাক্কায় ৩ শতাংশের বেশি কমেছে স্বর্ণের দাম। এর মাধ্যমে সাত সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন দামে নেমে এসেছে সর্বজনীন এ মূল্যবান ধাতু।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ২টা ১৪ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ শতাংশ কমে ৪ হাজার ১৫৬ দশমিক ৪৫ ডলারে নেমে আসে, যা গত ৫ আগস্টের পর সর্বনিম্ন। অন্যদিকে মার্কিন ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ৩ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স লেনদেন হচ্ছে ৪ হাজার ১৮৮ দশমিক ৮০ ডলারে।
আর্থিক বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং মার্কিন বন্ডের মুনাফা ও ডলারের শক্ত অবস্থানের কারণে স্বর্ণের দরপতন ঘটছে। বন্ড ও ডলারে বিনিয়োগের সুযোগ বাড়ায় আপাতত সুদবিহীন সম্পদ স্বর্ণে বিনিয়োগের আগ্রহ কমছে, যা বিশ্ববাজারে সাময়িক অস্থিরতা তৈরি করেছে।
বিশ্ববাজারে শুধু স্বর্ণই নয়, অন্য ধাতুর দামও নিম্নমুখী। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ৪ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ১৭ ডলারে ঠেকেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ ও প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ কমেছে।
এদিকে বাংলাদেশের বাজারে বর্তমানে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকায় নির্ধারিত রয়েছে।


