বাংলাদেশে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন নির্মাণে ১০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ প্রকল্পে বিশেষ করে নারীদের আবাসন অর্থায়নে অগ্রাধিকার দেওয়া হবে।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’-এর আওতায় পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অনুমোদিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে পরিবারগুলোকে দীর্ঘমেয়াদি ও জামানতবিহীন ঋণ দেওয়া হবে। প্রচলিত ব্যাংকিং সুবিধার বাইরে থাকা পরিবারগুলো এই অর্থ দিয়ে বাড়ি নির্মাণ, মেরামত ও সংস্কারের সুযোগ পাবে।
এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং জানান, নিরাপদ আবাসন মানুষের মর্যাদা ও সামাজিক সুরক্ষার ভিত্তি। এ প্রকল্প দারিদ্র্য বিমোচন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।
প্রকল্পের আওতায় ২০৩১ সালের মধ্যে অন্তত ৪০ হাজার পরিবারকে আবাসন ঋণ দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে, যার মধ্যে অন্তত ৩২ হাজার নারী ও ২৪ হাজার দুর্যোগপ্রবণ এলাকার বাসিন্দা থাকবেন। ঋণগ্রহীতাদের ভূমি ও আবাসন অধিকার সম্পর্কে সচেতন করা এবং নারীদের মালিকানা সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বন্যা, ঘূর্ণিঝড় ও চরম আবহাওয়া মোকাবিলার উপযোগী করে এসব ঘর নির্মাণ করা হবে।
অনুমোদিত ১০ কোটি ডলারের মধ্যে ৪ কোটি ডলার জলবায়ু অভিযোজন তহবিল থেকে দেওয়া হচ্ছে। পাশাপাশি কারিগরি সহায়তার অংশ হিসেবে আরও ৬ লাখ ডলার অনুদান দিচ্ছে সংস্থাটি।

