...|...|...

বিশ্ব

ব্রিটেনকে ইসলামিক রিপাবলিক বললেন নেতানিয়াহু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, রাত ১০:০৪ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, রাত ৩:৩৪
Shares
ব্রিটেনকে ইসলামিক রিপাবলিক বললেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

বর্তমান যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলা যায় এমন তীব্র ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলকে নিয়ে ব্রিটিশ গণমাধ্যমগুলোর সংবাদ পরিবেশনের ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রচারিত ‘মেলেখ ব্লিটজার হাইম’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে এসব কথা বলেন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পডকাস্টের আলাপে ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু জানান, তৎকালীন ব্রিটিশ লেখক ও সাংবাদিক র‍্যান্ডলফ চার্চিল সব সময় ইসরায়েলের পক্ষে বস্তুনিষ্ঠ ও ইতিবাচক প্রতিবেদন লিখতেন।

বর্তমান পরিস্থিতির তুলনা করে ক্ষোভের সঙ্গে নেতানিয়াহু বলেন, ‘আজকের ব্রিটেনে চার্চিলের মতো প্রতিবেদন খুঁজে পাওয়া অসম্ভব। এখনকার পরিস্থিতি দেখলে এই দেশটিকে আপনি অনায়াসেই “ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন” বলতে পারেন।’

দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হলেও ব্রিটিশ গণমাধ্যমের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে বেশ কিছুদিন ধরে অসন্তুষ্ট ইসরায়েলি প্রশাসন।

আলাপচারিতার শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের ২০২২ সালের একটি মন্তব্যকে সমর্থন জানান নেতানিয়াহু। ভ্যান্স তখন বলেছিলেন, যুক্তরাজ্যই বিশ্ব ইতিহাসের প্রথম পারমাণবিক অস্ত্রধারী ইসলামপন্থী দেশ হতে যাচ্ছে।

সেই প্রসঙ্গ তুলে ইসরায়েলি প্রধানমন্ত্রী যোগ করেন, ‘কারো মতে ব্রিটেনই প্রথম পারমাণবিক অস্ত্রধারী ইসলামিক প্রজাতন্ত্র। তবে ইরান যাতে নতুন কোনো পারমাণবিক সক্ষমতাসম্পন্ন দেশ না হতে পারে, আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি।’