দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কোথাও কোথাও দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৫ আগস্ট) রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা ও জনভোগান্তি তৈরি হতে পারে। তবে দিনের ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।


