...|...|...

বিশ্ব

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ, এগিয়ে কারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:০৩ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:১১
Shares
বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ, এগিয়ে কারা

ছবি: সংগৃহীত

বৈশ্বিক ব্যাংকিং খাতে মোট সম্পদের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ করেছে এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স। তালিকার প্রথম চারটি স্থানই দখলে রেখেছে চীনের ব্যাংক। শীর্ষ ১০-এ দেশটির মোট পাঁচটি ব্যাংক রয়েছে।

তালিকায় টানা ১৩তম বছরের মতো প্রথম স্থান ধরে রেখেছে চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি)। ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ প্রায় ৭ দশমিক ৬৫ ট্রিলিয়ন মার্কিন ডলার।

দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাগ্রিকালচারাল ব্যাংক অব চায়না, যার সম্পদ ৬ দশমিক ৯৭ ট্রিলিয়ন ডলার। তৃতীয় স্থানে চায়না কনস্ট্রাকশন ব্যাংক করপোরেশন, সম্পদ ৬ দশমিক ৫২ ট্রিলিয়ন ডলার। চতুর্থ স্থানে থাকা ব্যাংক অব চায়নার সম্পদের পরিমাণ ৫ দশমিক ৪৮ ট্রিলিয়ন ডলার।

চীনের বাইরে সবচেয়ে বড় ব্যাংক হিসেবে পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের জেপি মরগান চেজ অ্যান্ড কোম্পানি। ব্যাংকটির সম্পদের পরিমাণ ৪ দশমিক ৪৩ ট্রিলিয়ন ডলার। তবে শেয়ারবাজারে বাজারমূল্যের হিসাবে বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্যাংক হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

সম্পদের হিসাবে বিশ্বের শীর্ষ ১০ ব্যাংক

১. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না — চীন; ৭.৬৫ ট্রিলিয়ন ডলার।

২. অ্যাগ্রিকালচারাল ব্যাংক অব চায়না — চীন; ৬.৯৭ ট্রিলিয়ন ডলার।

৩. চায়না কনস্ট্রাকশন ব্যাংক করপোরেশন — চীন; ৬.৫২ ট্রিলিয়ন ডলার।

৪. ব্যাংক অব চায়না — চীন; ৫.৪৮ ট্রিলিয়ন ডলার।

৫. জেপি মরগান চেজ অ্যান্ড কোম্পানি — যুক্তরাষ্ট্র; ৪.৪৩ ট্রিলিয়ন ডলার।

৬. ব্যাংক অব আমেরিকা — যুক্তরাষ্ট্র; ৩.৪১ ট্রিলিয়ন ডলার।

৭. বিএনপি পরিবা — ফ্রান্স; ৩.২৮ ট্রিলিয়ন ডলার।

৮. এইচএসবিসি হোল্ডিংস — যুক্তরাজ্য; ৩.২১ ট্রিলিয়ন ডলার।

৯. ক্রেডিট অ্যাগ্রিকোল — ফ্রান্স; ৩.১৪ ট্রিলিয়ন ডলার।

১০. পোস্টাল সেভিংস ব্যাংক অব চায়না — চীন; ২.৬৭ ট্রিলিয়ন ডলার।

ইউরোপের ব্যাংকিং খাতেও পরিবর্তন এসেছে। তালিকায় যুক্তরাজ্যের এইচএসবিসিকে পেছনে ফেলে সপ্তম স্থানে উঠে এসেছে ফ্রান্সের বিএনপি পরিবা। এর ফলে সম্পদের হিসাবে ইউরোপের বৃহত্তম ব্যাংক হিসেবে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, চীনের বিপুল অভ্যন্তরীণ সঞ্চয়, অবকাঠামো খাতে বিনিয়োগ এবং সরকারি বন্ডের বাজার দেশটির ব্যাংকগুলোর সম্পদ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যাংকগুলো বৈশ্বিক আর্থিক বাজার, বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনায় নিজেদের অবস্থান ধরে রেখেছে।