...|...|...

বিশ্ব

হরমুজ খুলতে রাজি ইরান, মানতে হবে যেসব শর্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, রাত ৮:২২
Shares
হরমুজ খুলতে রাজি ইরান, মানতে হবে যেসব শর্ত

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া সাত দিনের প্রস্তাব এখনো আলোচনার টেবিলে রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্তগুলো মেনে নিলে ছয় দিনের মধ্যে প্রণালীটি খুলে দেওয়া সম্ভব। এর পরদিন থেকেই দুই দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে।

রয়টার্স জানায়, রবিবার (১৮ অক্টোবর) ইরানি সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে আরাঘচি জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছু মন্তব্য পেয়েছে তেহরান। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। তবে প্রস্তাবটি এখনো বহাল রয়েছে।

বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বৈঠকে যোগ দিতে গিয়ে আরাঘচি বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্র আন্তরিক হলে প্রণালীটি পুনরায় চালু করার পথও পরিষ্কার।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ তুলে নেওয়া, তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক সব ফ্রন্টে শত্রুতা বন্ধ করা।

এর আগে একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রস্তাবটি দেয় তেহরান। পরে ইরান জানায়, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া পেয়েছে। তবে ইরানের নিরাপত্তাপ্রধানের ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটন প্রণালী খুলে দেওয়ার জন্য দেওয়া সাতটি শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় আলোচনা থমকে গেছে।

দুই দেশের মতপার্থক্যের অন্যতম প্রধান কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র শুরু থেকেই এ বিষয়ে আলোচনার ওপর গুরুত্ব দিয়ে আসছে। চলতি মাসের শুরুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন, যুদ্ধের অবসান ও যুক্তরাষ্ট্রের দাবি পূরণে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে।

অন্যদিকে, তেহরান মনে করে, আলোচনার শুরুতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং সেখানে নিরাপত্তা ফিরিয়ে আনার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। ফলে এই জলপথে অচলাবস্থা বিশ্ব জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে।