ইরান জোর-জবরদস্তি, হুমকি বা ভীতি প্রদর্শনের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, চাপের মুখে ইরান তার সার্বভৌম অধিকার থেকে সরে আসবে না। তবে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসযোগ্য নিশ্চয়তার ভিত্তিতে আলোচনার জন্য তেহরান প্রস্তুত।
রবিবার (১৮ অক্টোবর) সকালে বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বৈঠকে আরাঘচি বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি ইরান প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনার পথ খোলা রাখাকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়; বরং এটি একটি দায়িত্ব।
যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, ওয়াশিংটন আগ্রাসন, হুমকি, হত্যাকাণ্ড ও অর্থনৈতিক যুদ্ধের পথ বেছে নিয়েছে। এর মাধ্যমে দেশটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি চরম অবজ্ঞা দেখিয়েছে।
ইয়েমেন ও সৌদি আরবের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং ভূখণ্ডগত অখণ্ডতার প্রতিও সমর্থন জানিয়েছেন আরাকচি। তাঁর মতে, ইয়েমেন সংকট সমাধানে অন্তর্ভুক্তিমূলক ও সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়াই কার্যকর ও টেকসই পথ।
আরাঘচি বলেন, সামরিক উত্তেজনা বৃদ্ধি, জোর-জবরদস্তি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। একইভাবে সংশ্লিষ্ট ইয়েমেনি পক্ষগুলোকে বাদ দিয়েও সংকটের স্থায়ী সমাধান পাওয়া যাবে না।
ইরানের প্রতিবেশীদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইরান কখনো প্রতিবেশী দেশগুলোর ওপর আক্রমণ করেনি। বরং যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরান হামলা চালিয়েছে, সেগুলো প্রতিবেশী অঞ্চলে অবস্থিত।


