জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে এবার আয়োজিত হতে যাচ্ছে একটি বিশেষ সংগীতানুষ্ঠান ‘বর্ষা বিপ্লবের গান’। আগামী ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ পাশের প্লাজায় বসবে এই ওপেন এয়ার আয়োজন। মনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে এবং জুলাই জাগরণ প্ল্যাটফর্মের সহায়তায় এটি সাজানো হয়েছে।
দর্শকদের জন্য উন্মুক্ত এই আয়োজনে গাইবেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। মঞ্চে থাকছে আর্ক, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও কুঁড়েঘরের মতো ব্যান্ড। বিশেষভাবে থাকবেন সেজান-যিনি অভ্যুত্থানের সময় ‘কথা ক’ গানটি দিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন। তালিকায় আরও আছেন নাহিদ অ্যান্ড মিউজিশিয়ানস এবং কাজী আহনাফ তাহমীদসহ একঝাঁক শিল্পী। বিকেল চারটা থেকে শুরু হবে অনুষ্ঠানের মূল পর্ব।
আয়োজকরা জানিয়েছেন, গানের মধ্য দিয়েই এবারের ৩৬ জুলাই স্মরণ করতে চান তারা। শিল্পী ও দর্শক একসাথে মিলিত হয়ে গণ-অভ্যুত্থানের স্মৃতি উদ্যাপন করবেন এই উন্মুক্ত মঞ্চে।
কনসার্টে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে একটি আবেগঘন বার্তা দিয়েছেন আসিফ আকবর, যেখানে তিনি দেশবাসীকে ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউমুখী হওয়ার ডাক দিয়েছেন এবং সবাইকে নিয়ে বিপ্লবের গান গাওয়ার প্রত্যাশা প্রকাশ করেছেন।
শিরোনামহীন ব্যান্ডও একটি ভিডিও বার্তায় জানিয়েছে, ২০২৪ সালের অভ্যুত্থানকে স্মরণ করেই সাজানো হয়েছে এই কনসার্ট, এবং তারা সবাইকে একসঙ্গে গান গাওয়ার আমন্ত্রণ জানিয়েছে।
কুঁড়েঘর ব্যান্ডের সদস্য তাশরিফ খান বলেন, তারা মানিক মিয়া অ্যাভিনিউতে গান শোনাতে প্রস্তুত এবং ৩৬ জুলাইয়ে সবার সাথে একসূত্রে গাওয়ার অপেক্ষায় আছেন।
গত বছরও একই স্থানে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠান হয়েছিল, যেখানে সাইমুম শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী, নাহিদ, সেজান, শূন্য ব্যান্ড, সায়ান, ইথুন বাবু, মৌসুমী, সোলস ও ওয়ারফেজের মতো শিল্পীরা পারফর্ম করেছিলেন।



