...|...|...

বিনোদন

অভিনয়ের পর এবার পরিচালনায় নামছেন বাঁধন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, সকাল ১১:১২ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, বিকেল ৪:৩২
Shares
অভিনয়ের পর এবার পরিচালনায় নামছেন বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় ধরে ক্যারিয়ার পার করছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এর মধ্যে নাটক, সিনেমা ও ওটিটিসহ সব মাধ্যমেই কাজের অভিজ্ঞতা রয়েছে তার। তবে এবার শুধু অভিনয় নয়, ক্যামেরার পেছনেও কাজ করতে চান বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

নিজের লেখা গল্পে সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ প্রসঙ্গে বাঁধন বলেন,‘অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করতে চাই। আমার নিজের গল্প দিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছা আছে। গল্প লেখার কাজ চলছে। ভালো একটা সময়ে পরিচালনার কাজটা শুরু করব।’

এদিকে খুব শিগগির নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন বাঁধন। নির্মাতা ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমায় কাজ করবেন বলে জানান তিনি। প্রথমবারের মতো বিএফডিসি ঘরানার একজন পরিচালকের সাথে কাজ করছেন তিনি। এই সিনেমায় একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে।

নতুন এই সিনেমায় কাজ করা প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমি যে ধরনের সিনেমায় কাজ করে আসছি, এটা তেমন নয়। তবে আমি সব ধরনের কাজ করতে চাই এবং কাজের মধ্যে থাকতে চাই। এই সিনেমার মাধ্যমে নতুন অভিজ্ঞতা হবে বলে আশা করছি।’

শনিবার (১ আগস্ট) সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে।

বাঁধনকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। তার অভিনীত আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে- ‘মাস্টার’ এবং ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এর মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে সেরা ছবির স্বীকৃতি পেয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সিনেমাটি।