ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে মঞ্চ মাতাতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ‘আভাস’।
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত ‘কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল’- এ পারফর্ম করবে ব্যান্ডটি। শনিবার (২২ আগস্ট) রাত ৮টায় শুরু হবে এই কনসার্ট।
কনসার্ট উপলক্ষে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সরাসরি উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানিয়েছেন আভাসের প্রধান ভোকালিস্ট তানযীর তুহীন। পাশাপাশি ব্যান্ডের অফিশিয়াল পেজ থেকেও একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আজ রাত ৮টায় টিএসসিতে পারফর্ম করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ভিডিও বার্তায় তুহীন বলেন, কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল উপলক্ষে আয়োজিত এই কনসার্টে সংগীতপ্রেমীদের সাথে দেখা হবে তার। গান পরিবেশনের পাশাপাশি টিএসসিতে সবার সাথে আড্ডায় মেতে ওঠার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, জনপ্রিয় সব গান দিয়ে দীর্ঘদিন ধরে দেশের তরুণ প্রজন্মের শ্রোতাদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ব্যান্ড ‘আভাস’। তাদের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘আভাস’, ‘মানুষ-১’, ‘বাস্তব’, ‘অনাথ’, ‘ক্যামেরা’ এবং ‘সত্তা’।



