ঢাকার রাস্তায় বের হলেই যানজট যেন নিত্যসঙ্গী। কখনো কয়েক কিলোমিটারের পথ পাড়ি দিতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা, আবার কখনো গন্তব্যে পৌঁছানোর আগেই ফুরিয়ে যায় দিনের গুরুত্বপূর্ণ সময়। এবার আন্তর্জাতিক একটি সূচকেও উঠে এসেছে ঢাকার সেই চিরচেনা যানজটের চিত্র।
নাম
জীবনযাত্রার মান নিয়ে করা প্রতিষ্ঠান Numbeo-এর ২০২৬ সালের ট্রাফিক ইনডেক্স অনুযায়ী, বিশ্বের যানজটপূর্ণ শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ৭ম। ঢাকার ট্রাফিক ইনডেক্স স্কোর ২৭৮.৩।
তালিকায় ঢাকার ওপরে রয়েছে নাইজেরিয়ার লাগোস, কোস্টারিকার সান হোসে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, শ্রীলঙ্কার কলম্বো এবং ভারতের দিল্লি। অর্থাৎ বিশ্বের শীর্ষ ১০ যানজটপূর্ণ শহরের তালিকায় দক্ষিণ এশিয়ার তিনটি শহর রয়েছে- কলম্বো, দিল্লি ও ঢাকা।
Numbeo-এর সূচকে ৩৪৮.৫ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে নাইজেরিয়ার লাগোস। দ্বিতীয় সান হোসে- ৩২৭.৬, তৃতীয় লস অ্যাঞ্জেলেস- ৩১৪.১ এবং চতুর্থ শারজাহ- ৩০২.৮।
পঞ্চম অবস্থানে রয়েছে শ্রীলঙ্কার কলম্বো, যার স্কোর ২৯১.৬। এরপর ভারতের দিল্লি ২৮৪.১ স্কোর নিয়ে ষষ্ঠ এবং ঢাকা ২৭৮.৩ স্কোর নিয়ে সপ্তম। অষ্টম কলকাতা ২৬৯.৩, নবম মুম্বাই ২৫৯.১ এবং দশম জাকার্তা ২৫৮.০।
ঢাকার ট্রাফিক ইনডেক্স-এর পাশাপাশি টাইম ইনডেক্স ৬০.২ মিনিট। অর্থাৎ Numbeo-এর তথ্য অনুযায়ী, ঢাকায় একজন মানুষের একমুখী দৈনিক যাতায়াতে গড়ে প্রায় এক ঘণ্টা সময় ব্যয় হয়। ঢাকার সময়-প্রভাব সূচক (Time Exponent Index) ১৬,০৪০.৪, আর ঢাকার পরিবহনব্যবস্থার অদক্ষতা সূচক (Inefficiency Index) ৩৩৫.০।
দক্ষিণ এশিয়ার চিত্রটিও বেশ তাৎপর্যপূর্ণ। ঢাকার সামনে রয়েছে শুধু কলম্বো ও দিল্লি। অন্যদিকে কলকাতা, মুম্বাই ও বেঙ্গালুরুর অবস্থান ঢাকার নিচে। ফলে অঞ্চলটির বড় শহরগুলোর মধ্যে যানজট যে একটি অভিন্ন নগর-সমস্যা, তালিকাটিতেও তার প্রতিফলন দেখা যায়।
Numbeo-এর ট্রাফিক ইনডেক্স শুধু রাস্তায় গাড়ির সংখ্যা গুনে তৈরি করা কোনো তালিকা নয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন শহরের যাতায়াতে ব্যয় হওয়া সময়, যাতায়াতের সময় নিয়ে মানুষের অভিজ্ঞতা, পরিবহনব্যবস্থার অদক্ষতা এবং পরিবহন-সম্পর্কিত CO₂ নিঃসরণের মতো বিষয় বিবেচনা করে ট্রাফিক সূচক তৈরি করে।
Numbeo জানিয়েছে, তাদের ট্রাফিক বিভাগের তথ্য বিভিন্ন শহরের মানুষের জরিপ ও রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি।
এ কারণেই এই তালিকাকে সরকারি ট্রাফিক পরিসংখ্যান হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি বিভিন্ন শহরের যানজট ও যাতায়াতের অভিজ্ঞতাকে একটি সূচকের মাধ্যমে তুলনা করার চেষ্টা।
তবে ঢাকার ক্ষেত্রে সংখ্যাটি যে শহরটির প্রতিদিনের বাস্তবতার সঙ্গে বেশ পরিচিত, তা নিয়ে নগরবাসীর খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন হয় না। অফিসের সময়, স্কুল-কলেজের ছুটির ঘণ্টা কিংবা বৃষ্টির দিন- সড়কে আটকে থাকা গাড়ির সারি আর ধৈর্যের পরীক্ষা ঢাকার নাগরিক জীবনের পরিচিত দৃশ্য।


