...|...|...

ক্যাম্পাস

বিএনপি পাওয়ারে গেছে বিধায় আমি ভাইস চ্যান্সেলর হয়েছি: জবি উপাচার্য

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫৫
Shares
বিএনপি পাওয়ারে গেছে বিধায় আমি ভাইস চ্যান্সেলর হয়েছি: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেছেন, বিএনপি পাওয়ারে গেছে বিধায় তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি। এটা কি লুকানোর কিছু আছে? বহু সুশীল লোকজন তো ছিল।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দেখছি আমরা ৫ আগস্টের পরে। তাদের পরিচয় কী আর কাজ কী, সেটাও আমরা দেখেছি। এখানে তো লুকানোর কিছু নেই। মানুষের পরিচয়, আত্মপরিচয় লুকানোর কিছু নেই। অবশ্যই আমার একটি পরিচয় আছে, সেটা আওয়ামী লীগের সেই জুলুম সহ্য করেছি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য কেন দোয়া চাইতে হবে, এ বিষয়ে উপাচার্য বলেন, দোয়া চাইতে হবে আপনি যদি এই দেশটাকে ভালোবাসেন। আপনি যদি এই দেশের নাগরিক হয়ে থাকেন, এই দেশকে যদি সত্যিকার অর্থে অন্তরে ধারণ করেন, ভালোবাসেন, তাহলেই বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আপনাকে দোয়া করতে হবে। বিগত ১৫-১৬ বছর আমরা যারা আজকে এখানে বসে আছি, আমরা বাংলাদেশের কোন ক্যাটাগরির নাগরিক, এটা আমরা নিজেরাও বুঝলাম না। আমাদের কোনো বাক্‌স্বাধীনতা ছিল না, গণতান্ত্রিক স্বাধীনতা ছিল না, মানুষ হিসেবে বেঁচে থাকার কোনো স্বাধীনতা ছিল না। যার কারণে ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে। মানুষ এবং আমাদের বিশেষত ছাত্রজনতা সেটা প্রতিরোধ করেছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ১৫-১৬ বছরের এই জালিমদের হাত থেকে মুক্তি দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘এখন আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন, বাংলাদেশের সুখ-সমৃদ্ধি এবং উন্নতি যদি প্রত্যাশা করে থাকেন, তাহলে আমাদের স্বার্থেই আমরা বর্তমান প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতে হবে। আর যদি ভালো না লাগে, আমরা দেখেছি গত দুই বছর নির্বিঘ্নে অনেকেই দেশে বসবাস করছিল। আমরা বিগত কিছুদিন থেকে যে নৈরাজ্য দেখছি, সেদিন নড়াইলে স্বেচ্ছাসেবকের দুইজন নেতাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এমপির বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, হাসপাতালে অগ্নিসংযোগ করা হচ্ছে।

গতকাল রাতে দেখেছি কারাগারে হামলার চেষ্টা করা হয়েছে। তো ১৫-১৬ বছরের যে দীর্ঘ ফ্যাসিবাদী আচরণ ছিল, সেই ফ্যাসিবাদী আচরণ এই বাংলাদেশে কারো দ্বারা যেন পুনরাবৃত্তি না হয়, যারা সুনাগরিক, আপনাদের সকলের রুখে দাঁড়ানো উচিত, সবাইকে প্রতিবাদ করা উচিত। এবং আমাদের এই দেশকে ধারণ করে যিনি এই দেশের নেতৃত্ব প্রদান করছেন, যিনি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন নতুন একটি বাংলাদেশ নির্মাণের জন্য, আজকে তার জন্মদিন। সেই জন্মদিনে আমরা আমাদের স্বার্থে, আমার দেশের স্বার্থে যিনি দেশ পরিচালনা করছেন, তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি মনে করি, এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, এর বিকল্প কিছু নেই।’