...|...|...

ক্যাম্পাস

বিআইইউতে দাওয়া সার্কেলের উদ্যোগে প্রি-ম্যারেজ কাউন্সেলিং

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৪
Shares
বিআইইউতে দাওয়া সার্কেলের উদ্যোগে প্রি-ম্যারেজ কাউন্সেলিং

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) শিক্ষার্থীদের বিবাহপূর্ব প্রস্তুতি, পারিবারিক জীবন ও সম্পর্ক ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা তৈরিতে প্রি-ম্যারেজ কাউন্সেলিংয়ের আয়োজন করেছে বিআইইউ দা'ওয়াহ সার্কেল। ‘প্রি-ম্যারেজ রিয়েলিটি: পিউরিটি, ফ্রিডম অ্যান্ড ফিউচার—২০২৬’ শীর্ষক এ আয়োজনে শিক্ষার্থীদের বিবাহ, জীবনসঙ্গী নির্বাচন, দাম্পত্য জীবনের সম্ভাব্য সংকট এবং নৈতিক জীবনবোধ সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হবে। 

আগামী ২৪ নভেম্বর (মঙ্গলবার) মেয়েদের জন্য এবং ২৫ নভেম্বর (বুধবার) ছেলেদের জন্য পৃথক সেশনের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। 

মেয়েদের সেশনে আলোচক হিসেবে থাকবেন কনসালট্যান্ট ও ডেন্টাল সার্জন ডা. শিরিন আক্তার
রুনা এবং বিআইইউর ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. জয়নব মুহা. সিদ্দিকুর রহমান। ছেলেদের সেশনে আলোচনা করবেন উদ্যোক্তা, লেখক ও সরোবরের চিফ মার্কেটিং অফিসার শরীফ আবু হায়াত অপু। 

দা'ওয়াহ সার্কেলের পরিচালক জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা নিয়ে কাজ করতে গিয়ে বিবাহ ও পারিবারিক জীবন সম্পর্কে সচেতনতার অভাব লক্ষ্য করেন তারা। এ ছাড়া সমাজে পারিবারিক অশান্তি, সংসার ভাঙন, উপযুক্ত জীবনসঙ্গী নির্বাচন এবং শিক্ষাজীবনেই বিবাহের মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

তিনি বলেন, 'বিবাহ জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও অধিকাংশ তরুণ-তরুণী পর্যাপ্ত প্রস্তুতি ও জ্ঞান ছাড়াই এ জীবনে প্রবেশ করে। বিবাহপূর্ব প্রস্তুতি, পারিবারিক জীবন পরিচালনা, দাম্পত্য সংকট মোকাবিলা, হালাল সম্পর্কের গুরুত্ব এবং জীবন ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতেই আমাদের এ আয়োজন।'

তিনি আরও জানান, 'এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা উপযুক্ত জীবনসঙ্গী নির্বাচন, বিবাহের প্রস্তুতি, দাম্পত্য জীবনের সম্ভাব্য সংকট মোকাবিলা এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবন পরিচালনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পাবে। পাশাপাশি ইসলামে নৈতিক ও আদর্শ পারিবারিক জীবনের গুরুত্ব সম্পর্কেও জানতে পারবে। 

আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য উপহার, হালকা নাশতা, অংশগ্রহণের সার্টিফিকেট, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকছে। এ ছাড়া নির্দিষ্ট পর্বে জীবনসংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ নেওয়ার সুযোগ থাকবে।' 

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ৫০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। 

আয়োজকদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।