বাংলাদেশ চালায় ঢাকা কলেজের প্রাক্তন ছাত্ররা, এই দেশ বিনির্মাণ করছে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্ররা। তাহলে ঢাকা কলেজের অবস্থা এমন থাকবে কেন? এটা তো থাকা উচিত না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, অনুষ্ঠানে রাষ্ট্রপতি, সরকারের উপদেষ্টা, শিক্ষামন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা সচিব উপস্থিত রয়েছেন। তাদের কাছে প্রত্যাশা, ঢাকা কলেজের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বর্তমান সরকারের আমলেই কলেজটির সার্বিক অবস্থার পরিবর্তন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা কলেজের উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে আব্দুস সালাম বলেন, বাংলাদেশে ঢাকা কলেজের যে মান ও অবস্থান, সে অনুযায়ী প্রতিষ্ঠানটির অবকাঠামোগত ও আনুষঙ্গিক উন্নয়ন হওয়া উচিত ছিল। কিন্তু সেই অনুপাতে উন্নয়ন হয়নি। সংশ্লিষ্টদের দায়িত্ব পালনকালে কলেজটির সবকিছুর পরিবর্তন হবে বলে তিনি প্রত্যাশা করেন।
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, নটর ডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পর ডিগ্রিতে পড়ার জন্য ঢাকা কলেজে ভর্তি হয়েছিলেন। স্বাধীনতার পর ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়টি তার রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য একটি অধ্যায়। ওই সময়ের ঢাকা কলেজের হল, ক্যানটিন ও ছাত্রাবাসের অনেক স্মৃতি রয়েছে তার। তবে সেসব স্মৃতি বিস্তারিত বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে।
দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে গণতান্ত্রিক পথে হাঁটতে শুরু করেছে। ঢাকা কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের গণতন্ত্র ও সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, গণতন্ত্র যেন আবারও বাধাগ্রস্ত না হয় এবং বাংলাদেশকে যেন আবার চোরাগলির পথে ঠেলে দেওয়া না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ঢাকা কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


