...|...|...

রাজনীতি

বিএনপি ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকে: রাশেদ খাঁন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, রাত ১২:৫৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৬, রাত ১:২৬
Shares
বিএনপি ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকে: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

বিএনপি সরকারে থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, এবারের দুর্গাপূজায় দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উদযাপনে নিরাপত্তা নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে বিষয়টি আবারও প্রমাণিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম সনাতন ধর্মাবলম্বীরা এত সুন্দর, সুশৃঙ্খল ও পূর্ণ নিরাপত্তার মধ্যে তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবেন, নিজ নিজ ধর্ম পালন করবেন এবং উৎসব উদযাপন করবেন-এটাই সরকারের প্রত্যাশা।

রাশেদ খাঁন আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকেন। তার ভাষ্য অনুযায়ী, এবারের দুর্গাপূজার আয়োজন সেই দাবির প্রতিফলন।

ফেসবুক পোস্টে অতীতের মন্দিরে হামলার ঘটনা নিয়েও মন্তব্য করেন তিনি। রাশেদ খানের অভিযোগ, রাজনৈতিক সুবিধা নেওয়া এবং আওয়ামী লীগের বিদেশি পৃষ্ঠপোষকতার আশীর্বাদ পাওয়ার উদ্দেশ্যে অতীতে পরিকল্পিতভাবে মন্দিরে হামলা করা হয়েছিল। তবে এ বিষয়ে পোস্টে তিনি কোনো নির্দিষ্ট ঘটনার বিস্তারিত তথ্য উল্লেখ করেননি।

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে পুলিশ, প্রশাসন, আনসার-ভিডিপিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত জেগে পাহারা দিয়ে পূজামণ্ডপ ও উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে পরিশ্রম করেছেন।