...|...|...

স্বাস্থ্য

৭ রোগে আক্রান্তদের টাকা দেবে সরকার, আবেদন যেভাবে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৬
Shares
৭ রোগে আক্রান্তদের টাকা দেবে সরকার, আবেদন যেভাবে

ছবি: সংগৃহীত

ক্যান্সার, কিডনি রোগসহ সাতটি জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য এককালীন ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির আওতায় ৬৫ হাজার রোগীকে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬৫০ কোটি টাকা।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করবে। এর উদ্দেশ্য হলো দরিদ্র ও অসচ্ছল রোগীদের চিকিৎসার ব্যয় মেটাতে সহায়তা করা এবং তাদের পরিবারের আর্থিক চাপ কমানো।

যেসব ৭ রোগে মিলবে আর্থিক সহায়তা

সরকারের এ কর্মসূচির আওতায় সাতটি রোগের জন্য অনুদান দেওয়া হবে। রোগগুলো হলো—

১. ক্যান্সার
২. কিডনি রোগ
৩. লিভার সিরোসিস
৪. প্যারালাইসিস
৫. হৃদরোগ
৬. লিউকেমিয়া
৭. থ্যালাসেমিয়া

চূড়ান্তভাবে নির্বাচিত প্রত্যেক রোগী এককালীন ১ লাখ টাকা পাবেন। নিয়ম অনুযায়ী, একজন রোগী একই অর্থবছরে একবার এবং সারা জীবনে সর্বোচ্চ তিনবার এ অনুদান নিতে পারবেন।

আগের তুলনায় বেড়েছে বরাদ্দ

সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে এ কর্মসূচিতে বরাদ্দ ছিল ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। ওই অর্থবছরে ৫৬১ জন রোগীকে সহায়তা দেওয়া হয়েছিল।

পরবর্তী সময়ে কর্মসূচির পরিধি বাড়ানো হয়। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ৩০০ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়। ২০২৬-২৭ অর্থবছরে তা বাড়িয়ে ৬৫০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

কারা অগ্রাধিকার পাবেন

আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। রোগী নির্বাচনের ক্ষেত্রে দরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি জরুরি চিকিৎসা প্রয়োজন এমন রোগী, জীবন সংকটাপন্ন ব্যক্তি, প্রতিবন্ধী, শিশু, নারী ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে।

তবে আবেদনে অসত্য তথ্য দেওয়া, ভুয়া সনদ জমা দেওয়া কিংবা একই বিষয়ে আগে সরকারি আর্থিক সহায়তা পাওয়ার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কমিটি আবেদন বাতিল করতে পারবে।

আবেদনে যেসব কাগজপত্র লাগবে

অনলাইনে আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি বা ছবি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে—

রোগীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা শিশুর জন্মসনদ।

আবেদনকারী, অভিভাবক বা প্রতিনিধির জাতীয় পরিচয়পত্র এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

মনোনীত নমিনির তথ্য এবং রোগী বা অভিভাবকের ব্যাংক হিসাবের তথ্য। এ ক্ষেত্রে চেকবইয়ের কভার পাতার ফটোকপি প্রয়োজন হবে।

চিকিৎসকের সর্বশেষ ব্যবস্থাপত্র এবং রোগ শনাক্তকরণের প্রয়োজনীয় প্যাথলজিক্যাল রিপোর্ট।

ক্যান্সার রোগীদের ক্ষেত্রে টিস্যু ডায়াগনস্টিক, বায়োপসি অথবা বোন ম্যারো পরীক্ষার রিপোর্ট।

যেভাবে আবেদন করবেন

চিকিৎসা সহায়তা পেতে প্রথমে নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন করার পর প্রয়োজনীয় কাগজপত্র, স্বাক্ষরিত আবেদনপত্রের প্রিন্টকপি, চিকিৎসকের সর্বশেষ ব্যবস্থাপত্র এবং পরীক্ষার রিপোর্টের সত্যায়িত কপি জমা দিতে হবে।

নির্দেশনায় আবেদন ফরম ও প্রয়োজনীয় প্রত্যয়নপত্রসহ দুই কপি আবেদন সংশ্লিষ্ট উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয়ে জমা দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

আবেদনের নিয়ম, কাগজপত্র ও জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে নিশ্চিত হতে সংশ্লিষ্ট উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করা উচিত।

অনলাইনে আবেদন করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবা পোর্টালে প্রবেশ করুন