বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো বট বাহিনী পরিচালনা করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ঠেকাতে স্বয়ংক্রিয়ভাবে ফ্যাক্ট চেকিংয়ের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ইয়াসের খান চৌধুরী বলেন, ফ্যাক্ট চেকিংয়ের ক্ষেত্রে সরকার নিরপেক্ষভাবে কাজ করছে। শুধু ম্যানুয়াল পদ্ধতিতে নয়, স্বয়ংক্রিয়ভাবে ফ্যাক্ট চেকিং করার জন্যও একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অচিরেই এ বিষয়ে সংসদকে অবহিত করা সম্ভব হবে।
এর আগে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিদ্যমান প্রেস কাউন্সিলের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। অনলাইন মাধ্যমে ছড়ানো অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ বাড়াতে প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করার প্রয়োজনীয়তা রয়েছে।
জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন মাধ্যমের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। দ্রুত এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন কীভাবে প্রতিরোধ করা যায়, সে বিষয়ে অন্যান্য দেশের নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনা করা হচ্ছে। এ নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে পরামর্শও চলছে। একটি কার্যকর কাঠামো তৈরি করা সম্ভব হবে।



