মধ্যপ্রাচ্যের বাব আল-মান্দেব প্রণালিতে নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েন করবে ইতালি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেতো এ ঘোষণা দিয়ে জানান, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইতালি আর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অপেক্ষায় থাকবে না। খবর আল জাজিরার।
এক সতর্কবার্তায় ক্রোসেতো বলেন, সিদ্ধান্ত গ্রহণে আমলাতান্ত্রিক বিলম্বের কারণে বর্তমান সংকটের যেন আরও অবনতি না ঘটে, তা নিশ্চিত করতেই রোম আগ বাড়িয়ে এই পদক্ষেপ নিচ্ছে। কারণ, আন্তর্জাতিক এই নৌপথ দিয়ে বাণিজ্য বন্ধ হয়ে গেলে চরম অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে।
লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা বাব আল-মান্দেব প্রণালি ইউরোপ ও এশিয়ার মধ্যকার অন্যতম ব্যস্ততম নৌপথ। সুয়েজ খালে প্রবেশের ক্ষেত্রে তেল, গ্যাস ও পণ্যবাহী জাহাজের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংকীর্ণ প্রণালি দিয়ে বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ থেকে ১৫ শতাংশ পরিচালিত হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সংঘাতের মধ্যে চলতি বছরের শুরুতে ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিলে বাব আল-মান্দেবের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। হরমুজ প্রণালি এড়াতে তেল রপ্তানিতে লোহিত সাগরের এই নৌপথের ওপর ব্যাপক নির্ভর করছে সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলো।
সম্প্রতি ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী বেশ কয়েকটি দ্বীপসহ ইয়েমেনের সমগ্র পশ্চিম লোহিত সাগর উপকূল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ায় এই প্রণালিতে কার্যত তাদের একক আধিপত্য তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক নৌ চলাচলে বড় ধরনের ধাক্কা লাগলেও হুথিরা জানিয়েছে, সৌদি আরব বাদে অন্য সব দেশের জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।


