তুরস্কের প্রতিরক্ষা খাতের খ্যাতনামা প্রতিষ্ঠান আসেলসান (ASELSAN), রাষ্ট্রীয় টেলিকম অপারেটর তুর্ক টেলিকম এবং টিটিটি ইনোভেশনের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে তুরস্কের প্রথম নিজস্ব প্রযুক্তির স্মার্টফোন। ২০২৭ সালের শুরুতেই বাজারে আনা হবে এই ব্র্যান্ডের প্রথম তিনটি মডেল।
তুর্কি ওয়ার্ল্ড বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান আইদিন এরকোচ ও ভাইস চেয়ারম্যান নিয়াজি বার্কতাশ জানান, তিনটি মডেলের মধ্যে একটি সরকারি কর্মকর্তাদের নিরাপত্তার জন্য উচ্চমানের এনক্রিপ্টেড হ্যান্ডসেট, একটি সাধারণ ক্রেতাদের জন্য সাশ্রয়ী মডেল এবং অন্যটি সর্বাধুনিক প্রযুক্তির প্রিমিয়াম ভার্সন।
ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে তিনটি মডেলেই যুক্ত থাকছে স্যাটেলাইট অ্যান্টেনা। ডিভাইসগুলো হবে ধুলো ও পানিনিরোধী। এ ছাড়া জাতীয় নিরাপত্তার স্বার্থে সংবেদনশীল সফটওয়্যারগুলো দেশীয় প্রযুক্তিতে এনক্রিপ্ট করা হচ্ছে।
আসেলসান ও তুর্ক টেলিকমের এই যৌথ প্রকল্প সম্প্রতি গতি পেয়েছে। আইদিন এরকোচ জানান, প্রসেসিং ক্ষমতা, মেমোরি ও ব্যাটারি লাইফে আন্তর্জাতিক মান বজায় রেখে ফোনগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা চলছে।
স্মার্টফোন তৈরির প্রথম কারখানাটি ইস্তাম্বুলে স্থাপন করা হচ্ছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে দ্বিতীয় কারখানা চালুর পরিকল্পনা রয়েছে। শুরুতে লোকাল সফটওয়্যার ব্যবহার করা হলেও ধীরে ধীরে তুরস্কের নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির লক্ষ্য রাখা হয়েছে।
প্রকল্পের প্রাথমিক অগ্রাধিকার এনক্রিপ্টেড মডেলটি, যা সবার আগে সরকারি কর্মকর্তাদের ডেলিভারি দেওয়া হবে। পরে সাধারণ গ্রাহকদের জন্য খোলা বাজারে এগুলো মিলবে। তা ছাড়া তুরস্কের তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘টগ’-এর ডিজিটাল ইন্টারফেসের সাথে সহজেই যুক্ত করার সুবিধাও রাখা হচ্ছে এতে।
নতুন এই ব্র্যান্ডের নাম চূড়ান্ত করা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের প্রক্রিয়া চলছে। ২০২৭ সালের শুরুতে এক জমকালো অনুষ্ঠানে প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের উপস্থিতিতে ফোনগুলোর আনুষ্ঠানিক উন্মোচন হতে পারে।


