রাঙামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারি কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লাখ ২৬ হাজার ৫২০ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় বাঘাইছড়ির রিভারঘাট পোস্টের হাবিলদার সমরেন্দ্র সিংহের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনাকালে একটি নির্দিষ্ট স্থানে পরিত্যক্ত অবস্থায় কাঠগুলো দেখতে পায় টহল দল। পরে সেগুলো জব্দ করা হয়। অভিযানে মোট ৬৪.৬৮ ঘনফুট সেগুন কাঠ এবং ৭.৮৮ ঘনফুট গামারি কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠের মোট পরিমাণ ৭২.৫৬ ঘনফুট।
উদ্ধারকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২৬ হাজার ৫২০ টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে অভিযানের সময় কাঠের সাথে জড়িত কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ কাঠ পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে তাদের অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির এমন অভিযান অবৈধভাবে পাহাড়ি বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহ ও পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সীমান্ত ও দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ কাঠ পাচার বন্ধে নিয়মিত নজরদারি আরও বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।


