বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে ভারতীয় দালালদের দখলে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সিআরবির শিরীষতলায় বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিএনপিতে ঘাপটি মেরে থাকা ভারতীয় দালালদের দখলে রয়েছে। সরকারই সিন্ডিকেট করে পুরো জ্বালানি সেক্টরকে বাইরের দেশের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে। সময় থাকতে সেখান থেকে ফিরে আসুন। অন্যথায় বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না।
মামুনুল হক বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আমরা সব দল সম্মিলিতভাবে যুগের লেডি ফেরাউন, সবচেয়ে নিকৃষ্ট বর্বর শাসক হাসিনাকে বিদায় করেছি। ফ্যাসিবাদ বিরোধী দলগুলো তখন ঐক্যবদ্ধ ছিলাম। হাসিনার পতনের মধ্য দিয়ে শুধু আওয়ামী লীগের বা ফ্যাসিবাদের পতন ঘটেনি। বাংলাদেশের জমিন থেকে আধিপত্যবাদের শেকড় উপড়ে গেছে। কিন্তু সরকার জুলাইয়ের সেই ঐক্য নষ্ট করে দিয়েছে।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বলেছিলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জুলাই সনদকে বাস্তবায়ন করবেন, প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় ভারসাম্য আনবেন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করবেন, পুলিশকে হাসিনার মতো বিএনপিকরণ করবেন না। কিন্তু আপনারা সাত মাসে সবকটি ওয়াদা ভঙ্গ করেছেন। জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। জুলাই যোদ্বাদের সাথে গাদ্দারী করেছেন। ৭০ ভাগ জনগণের সাথে আপনারা তামাশা করেছেন। জনগণ আপনাদের ক্ষমা করবে না।
মামুনুল হক বলেন, পরাজিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করতে, দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার উদ্দেশ্যে সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে। তাদের সেই অপতৎপরতাকে মোকাবিলা করা প্রধানত সরকারের দায়িত্ব। কিন্তু সরকার তা করতে ব্যর্থ হয়েছে। তারা পরাজিত শক্তিকে মোকাবিলা না করে বিরোধী দলকে বলছে, সরকারের সাত মাস যায়নি কেন বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে এখন থেকে লং মার্চ করছে। আমরা বলছি, আমরা লং মার্চ করার জন্য সাত মাস অপেক্ষা করেছি। কিন্তু আপনারা জুলাইকে অস্বীকার করতে, গণভোটের রায়কে ছুড়ে ফেলে দিতে সাত দিনও অপেক্ষা করেননি।


