...|...|...

সারাদেশ

সাজেকে পর্যটকবাহী মাহিন্দ্রা গভীর খাদে, আহত ৫

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৪৪
Shares
সাজেকে পর্যটকবাহী মাহিন্দ্রা গভীর খাদে, আহত ৫

সাজেকে পর্যটকবাহী মাহিন্দ্রা গভীর খাদে। ছবি: টাইমস টুডে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি মাহিন্দ্রা গাড়ি গভীর জঙ্গলে পড়ে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাজেকের রুইলুই হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রা গাড়িটির নম্বর ছিল ‘অন টেস্ট’।

আহতরা হলেন- মাহিন্দ্রা চালক মো. শহিদ (২৭), মো. মোখলেসুর রহমান (৩৫), মো. মকবুল হোসেন (৪৫), মো. রাশেদুল ইসলাম (৪৫) ও মোহাম্মদ ফরহাদ হোসেন (৩০)। স্থানীয়দের দাবি, আহত পাঁচজনের মধ্যে চালক ছাড়া বাকি চারজন পর্যটক ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে পর্যটকবাহী মাহিন্দ্রাটি রুইলুই হাউজপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশের গভীর জঙ্গলে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে অন্য একটি মাহিন্দ্রা গাড়িতে করে তাদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় এক বাসিন্দা বলেন, দুর্ঘটনার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি। তাদের মধ্যে তিনজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। পরে তাদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জল হোসেন বলেন, সাজেকের রুইলুই এলাকায় একটি অনটেস্ট মাহিন্দ্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর জঙ্গলে পড়ে যায়। গাড়িতে পাঁচজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিনজন গুরুতর আঘাত পেয়েছেন। আহতদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।