...|...|...

সারাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৩৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৩১
Shares
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

​ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

​শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে বৈরচুনা সীমান্তের বিপরীতে ভারতের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বসুদেবপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

​নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। আটক দুজন হলেন-একই গ্রামের আহেদ আলীর ছেলে মুস্তাকিন (৩৮) ও মনশা চন্দ্র রায়ের ছেলে উদা চন্দ্র রায় (৩৫)।

​স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা গেছে, পীরগঞ্জের বৈরচুনা সীমান্তের ৪২ বিজিবির বৈরচুনা বিওপির বিপরীতে ভারতের দিকে বিএসএফের ১২১ ব্যাটালিয়নের বসুদেবপুর ক্যাম্প দায়িত্ব পালন করছিল। শুক্রবার গভীর রাতে ওই সীমান্ত এলাকা দিয়ে তিন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় ১২১ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করলে আসাদুল হক গুলিবিদ্ধ হন এবং অন্য দুজন আটক হন।

​পরে আসাদুলকে মুমূর্ষু অবস্থায় ভারতের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার ভারতীয় পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত হোসেন জানান, সীমান্তে হতাহতের বিষয়টি তারা শুনেছেন।

​এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’