...|...|...

সংবাদ

বাগবিতণ্ডার জেরে চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ স্বাস্থ্যের ডিজির

বাগবিতণ্ডার জেরে চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ স্বাস্থ্যের ডিজির

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ৩:৪৪ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬, রাত ১০:২৯
Shares
বাগবিতণ্ডার জেরে চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ স্বাস্থ্যের ডিজির

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে এক চিকিৎসকের প্রকাশ্য বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।

এ ঘটনার জেরে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন ডিজি।  ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্রের চিকিৎসাবিষয়ক একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে মমেক হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 

সেমিনারে যোগ দেওয়ার আগে তিনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা, সেবার মান এবং স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বলে জানা গেছে।  এ সময় তিনি বিভিন্ন পর্যায়ে সেবার ঘাটতি ও ব্যবস্থাপনাগত দুর্বলতার বিষয়টি তুলে ধরলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মন তাঁর বিভাগের সীমাবদ্ধতা, তীব্র জনবল সংকট এবং অতিরিক্ত কাজের চাপের কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।  সূত্র জানায়, এসব বক্তব্য ঘিরেই ডিজি ও ওই চিকিৎসকের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।  পরিস্থিতি শান্ত হওয়ার আগেই ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিদর্শনের সময় সেবার মান নিয়ে ডিজি ও ডা. ধনদেব বর্মনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে, যা কাম্য নয়।  তবে এ মুহূর্তে বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য দিতে তিনি অপারগতা জানান।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।  একদিকে জনবল সংকট ও দায়িত্ব পালনের চাপের প্রসঙ্গ উঠে আসছে, অন্যদিকে তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ হাসপাতালের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তৈরি করেছে বলে মন্তব্য করছেন অনেকে।