...|...|...

বিশ্ব

বাংলাদেশের ইসলামিক বক্তাদের পশ্চিমবঙ্গে প্রবেশ নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২৫ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:১২
Shares
বাংলাদেশের ইসলামিক বক্তাদের পশ্চিমবঙ্গে প্রবেশ নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে কোনো ইসলামিক বক্তাকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শনিবার (১২ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। 

শুভেন্দু অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাংলাদেশ থেকে ইসলামিক বক্তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে আসতেন। তবে বিজেপি সরকার ক্ষমতায় এলে তাদের আর রাজ্যে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।

বাংলাদেশ থেকে দুই বছর আগে পশ্চিমবঙ্গে আসা এক ধর্মীয় বক্তার বক্তব্যের প্রসঙ্গ টেনে শুভেন্দু দাবি করেন, ওই বক্তা জনসংখ্যা বৃদ্ধি ও জনবিন্যাস পরিবর্তনের বিষয়ে মন্তব্য করেছিলেন।

তিনি বলেন, “দু’বছর আগে বসিরহাটে একটি ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা এক হুজুর বলছেন—আমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র আছে, আমরা জনবিস্ফোরণ করে পারমাণবিক অস্ত্রকেও ধ্বংস করে দিতে পারি। তিনি এখানে এসে জনবিস্ফোরণ ও ডেমোগ্রাফি (জনবিন্যাস) বদলে দেওয়ার কথা বলছেন।”

শুভেন্দু বলেন, এ ধরনের বক্তব্যের কারণে পশ্চিমবঙ্গে ‘আধ্যাত্মিক জাগরণের’ প্রয়োজন রয়েছে।

এর আগে থেকেই বাংলাদেশ নিয়ে বিভিন্ন মন্তব্য করে আসছেন শুভেন্দু অধিকারী। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ বা সূত্র উল্লেখ করা হয়নি।