রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ক্রীড়া উৎসব। আয়োজনে প্যাডেল টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, টেনিস, স্কোয়াশ ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা স্পোর্টস সিটির প্যাডেল ও ফুটসাল কোর্টে একই সময়ে একাধিক খেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিযোগিতায় দুই ক্লাবের খেলোয়াড়দের মধ্যে ছিল জমজমাট লড়াই। প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি পুরো আয়োজনজুড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশও দেখা যায়।
প্যাডেল টেনিসে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ১১-১ ব্যবধানে জয় পায় গুলশান ক্লাব। ফুটবল ম্যাচেও ছিল হাড্ডাহাড্ডি লড়াই। গুলশান ক্লাবের হয়ে ইশমাম এবং চট্টগ্রাম ক্লাবের হয়ে সাগর গোল করলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
অন্যদিকে, বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচটি মাঠে গড়ায়নি। ফলে ম্যাচটি ড্র হিসেবে গণ্য করা হয়।
একই আয়োজনে বিভিন্ন ধরনের খেলাধুলার সুযোগ থাকায় ক্রীড়া উৎসবটি অংশগ্রহণকারী খেলোয়াড় ও সদস্যদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করে। পাশাপাশি বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের জন্য একসাথে একাধিক ক্রীড়া কার্যক্রম আয়োজনের সম্ভাবনাও তুলে ধরে এ আয়োজন।
বসুন্ধরা স্পোর্টস সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে এমন বহুমাত্রিক আয়োজন অব্যাহত রাখা হবে। এর মাধ্যমে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা রয়েছে।

