বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত তিনজনই বন্ধু ছিলেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহীদ ইসলাম (১৩) ও সৌরভ ঢালী (১৪) এবং ৭ নম্বর ওয়ার্ডের পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)।
স্থানীয়রা জানান, নিহত তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তারা পরস্পরের বন্ধু ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঢাকা থেকে বরিশালগামী মোটরসাইকেলটির সাথে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি বাসের ধাক্কায় ছিটকে পড়ে এবং বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে। পরে বাসের চালক ও হেলপার পালিয়ে যান বলে জানান তারা।
দুর্ঘটনার পর মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করে যান চলাচল স্বাভাবিক করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ ও বাসটির চালক-হেলপারের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


