বরগুনায় বসতঘরে চুরির চেষ্টার অভিযোগে আটক ইমাম হোসেন (২০) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরগুনা থানাধীন ২ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর ধুপতি এলাকায় মো. রুহুল আমিন আকনের বসতঘরে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ইমাম হোসেন বরগুনা সদর উপজেলার লেমুয়া এলাকার বাসিন্দা মো. মজিবর শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৯৯৯-এ পাওয়া সংবাদের ভিত্তিতে বরগুনা থানার এসআই (নিঃ) সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমাম হোসেন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদে ইমাম হোসেন ওই ঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে আলমারি থেকে বিভিন্ন মালামাল নামিয়ে রাখার কথা জানান। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন এবং ৯৯৯-এ ফোন করেন।
এ ঘটনায় পেনাল কোডের ৩৮০/৪৫৪ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
পরে আসামিকে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান সামারি ট্রায়ালের মাধ্যমে ৪৫৪ ধারায় অভিযোগ গঠন করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


