...|...|...

বিশ্ব

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, শিশুসহ গুলিবিদ্ধ ১১

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫৫
Shares
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, শিশুসহ গুলিবিদ্ধ ১১

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এগ্রিকালচারাল অ্যান্ড মেকানিক্যাল ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে গত শনিবার রাতে ঘটা এক বন্দুক হামলার ঘটনায় অন্তত ১১ জন গুলিবিদ্ধ এবং আরও একজন আহত হয়েছেন। 

রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ফ্লোরিডার টালাহ্যাসিতে অবস্থিত ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে পেরি স্ট্রিটে এই গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন অপ্রাপ্তবয়স্ক বা শিশু রয়েছে।

টালাহাসি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা গুরুতর, আর বাকি নয়জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি শারীরিক মারামারি বা হাতাহাতি’র পরই এই গোলাগুলির ঘটনা ঘটে, তবে পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। পুলিশের প্রধান লরেন্স রেভেল দুঃখ প্রকাশ করে বলেছেন, আহতদের মধ্যে শিশুরা রয়েছে—এটি অত্যন্ত মর্মান্তিক।

‘নিউইয়র্ক পোস্ট’ পত্রিকার তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সীর বয়স ১১ বছর। তবে রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য চাওয়া হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

পত্রিকাটি জানিয়েছে, একটি হোমকামিং পার্টির সময় কথা কাটাকাটি থেকে শুরু হওয়া বিরোধ পরবর্তীতে বন্দুকযুদ্ধে রূপ নেয়। রাত আটটার ঠিক আগে দুই থেকে তিন ব্যক্তির মধ্যে মারামারির একপর্যায়ে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।