কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তারে বদলে যাচ্ছে ফ্রিল্যান্সিংয়ের কাজের ধরন। কিছু প্রচলিত কাজের পদ্ধতি বদলে গেলেও নতুন প্রযুক্তিনির্ভর দক্ষতার পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালিটিক্স ও ডিজাইনের মতো কাজের চাহিদাও রয়েছে। ফলে সময়ের সাথে সঠিক দক্ষতা অর্জন করতে পারলে ফ্রিল্যান্সিংয়ে কাজের সুযোগ বাড়তে পারে।
ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আপওয়ার্কের In-Demand Skills 2026 প্রতিবেদনে ২০২৫ সালের মার্কেটপ্লেসের নিয়োগ তথ্য বিশ্লেষণ করে চাহিদাসম্পন্ন ও দ্রুত বাড়তে থাকা দক্ষতাগুলো তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, এআই-সম্পর্কিত দক্ষতার চাহিদা এক বছরে ১০৯ শতাংশ বেড়েছে। সবচেয়ে দ্রুত বাড়া দক্ষতার মধ্যে রয়েছে এআই ভিডিও জেনারেশন ও এডিটিং, এআই ইন্টিগ্রেশন এবং এআই ডেটা অ্যানোটেশন ও লেবেলিং।
এআই ভিডিও জেনারেশন ও এডিটিং
ভিডিও তৈরি ও সম্পাদনার কাজে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। আপওয়ার্কের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এ দক্ষতার চাহিদা আগের বছরের তুলনায় ৩২৯ শতাংশ বেড়েছে- যা প্রতিবেদনে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা দক্ষতাগুলোর একটি।
এআই ইন্টিগ্রেশন
ব্যবসার সফটওয়্যার, ওয়েবসাইট ও বিভিন্ন কর্মপ্রক্রিয়ায় এআই যুক্ত করার প্রয়োজন বাড়ছে। এআই ইন্টিগ্রেশনের চাহিদা এক বছরে ১৭৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে আপওয়ার্ক।
এআই ডেটা অ্যানোটেশন ও লেবেলিং
এআই মডেল প্রশিক্ষণের জন্য ডেটা শনাক্ত, শ্রেণিবদ্ধ ও লেবেল করার কাজ গুরুত্বপূর্ণ। এই দক্ষতার চাহিদা ১৫৪ শতাংশ বেড়েছে।
ফুল-স্ট্যাক ডেভেলপমেন্ট
ওয়েবসাইট বা সফটওয়্যারের সামনের অংশ থেকে ব্যাকএন্ড পর্যন্ত কাজ করার দক্ষতা এখনও ফ্রিল্যান্সিং মার্কেটের অন্যতম চাহিদাসম্পন্ন ক্ষেত্র। আপওয়ার্কের ২০২৬ সালের তালিকায় ফুল-স্ট্যাক ডেভেলপমেন্ট শীর্ষ চাহিদার দক্ষতাগুলোর মধ্যে রয়েছে।
ডেটা অ্যানালিটিক্স
ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে ডেটা বিশ্লেষণের প্রয়োজন বাড়ছে। আপওয়ার্কের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ডেটা সায়েন্স ও অ্যানালিটিক্স বিভাগের সবচেয়ে চাহিদাসম্পন্ন দক্ষতা ডেটা অ্যানালিটিক্স।
গ্রাফিক ডিজাইন
এআইয়ের ব্যবহার বাড়লেও গ্রাফিক ডিজাইনের চাহিদা কমেনি। আপওয়ার্কের ২০২৬ সালের তালিকায় এটি ডিজাইন ও ক্রিয়েটিভ বিভাগের সবচেয়ে চাহিদাসম্পন্ন দক্ষতা।
ভিডিও এডিটিং
ইউটিউব, সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যবসায়িক কনটেন্টের বিস্তারের সাথে ভিডিও এডিটিংয়ের প্রয়োজনও রয়েছে। আপওয়ার্কের তালিকায় এটি ডিজাইন ও ক্রিয়েটিভ বিভাগের শীর্ষ চাহিদার দক্ষতাগুলোর একটি।
ওয়েব ডিজাইন
ব্যবসা ও ব্যক্তিগত ব্র্যান্ডের জন্য ওয়েবসাইট তৈরির প্রয়োজন থাকায় ওয়েব ডিজাইন এখনও ফ্রিল্যান্সিংয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা। ২০২৬ সালের আপওয়ার্কের চাহিদাসম্পন্ন দক্ষতার তালিকাতেও এটি রয়েছে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসার প্রচার ও গ্রাহকের কাছে পৌঁছাতে দক্ষ মার্কেটারদের প্রয়োজন হচ্ছে। আপওয়ার্কের তালিকায় সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে বিক্রয় ও বিপণন বিভাগের অন্যতম চাহিদাসম্পন্ন দক্ষতা হিসেবে রাখা হয়েছে।
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স
ই-মেইল ব্যবস্থাপনা, গবেষণা, প্রশাসনিক কাজ ও দৈনন্দিন ব্যবসায়িক সহায়তার জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের চাহিদা রয়েছে। আপওয়ার্কের ২০২৬ সালের তালিকায় জেনারেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স গ্রাহকসেবা ও প্রশাসনিক সহায়তা বিভাগের শীর্ষ চাহিদার দক্ষতা।
তবে শুধু একটি দক্ষতা শিখলেই ফ্রিল্যান্সিংয়ে সফলতা নিশ্চিত নয়। আপওয়ার্কের সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি যোগাযোগ, সমস্যা সমাধান, সৃজনশীলতা ও মানিয়ে নেওয়ার সক্ষমতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে এআইয়ের সাথে কাজ করতে পারা এবং নিজের মূল দক্ষতার সাথে এআইভিত্তিক সক্ষমতা যুক্ত করতে পারলে ফ্রিল্যান্সারদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে।




