পরিচিত অপরিচিত অনেকেই কল দিয়ে সান্তনা দেয় খোঁজ-খবর জিজ্ঞেস করে। সেদিন ছাদে বসে ছিলাম তখন পরিচিত একটা নাম্বার থেকে কল আসে। রিসিভ করতেই আমি অপ্রতীমের বাবা কিনা জিজ্ঞেস করে। হ্যাঁ বলায় অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে আমি কল কেটে নাম্বারটা ব্লক করে দেই। এটাকে আসলে হুমকি বলা যায় না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়ি গন্ধমতিতে নিজ বাসভবনে সাংবাদিকদের দেওয়া এক অপ্রতীমের বাবা ফিরোজ শাহরিয়ার সাক্ষাৎকারে কথা জানান।
তিনি বলেন, অনেকেই কল দিয়ে বলে যে অপ্রতীমকে স্বপ্নে দেখেছেন, কেউ অপরাধীদের বিচার হওয়ার কথা বলেন। আসলে দুইটা অপরিচিত নাম্বার থেকে যে কল এসেছে এটাকে হুমকি বলা যায় না। তাই এটা নিয়ে আমরা তেমন চিন্তা করছি না।
থানায় জিডির বিষয়ে তিনি বলেন, আমি কুমিল্লার ওসিকে বিষয়টা জানিয়েছি এবং নাম্বারগুলো উনাকে দিয়েছি। বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনে ব্যবস্থা নিবেন বলে উনি আশ্বস্ত করেছেন।
তার ভাষ্য, রাষ্ট্রের কাছে আমরা বিচার চাই। আমাদের সন্তানকে তো আর ফেরত পাবো না, তবে চাই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হোক। যেন আর কোনো অপ্রতীমের সাথে এমন ঘটনা না ঘটে।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। পরের দিন দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।


