ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অলৌকিক চিকিৎসার নামে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ২টার দিকে সুনামগঞ্জের ছাতকের ফকিরটিলা এলাকায় অভিযান চালিয়ে জাসমিন আক্তার (২১) ও আব্দুল্লাহ মিয়া (৬৬) নামের দুই সদস্যকে গ্রেফতার করে সিআইডি ঢাকা মেট্রো-পূর্ব দলের একটি টিম।
সিআইডি জানায়, চক্রটি ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে কবিরাজি ও ঝাড়ফুঁকের সাহায্যে নানাবিধ রোগ আর সমস্যা সমাধানের লোভ দেখাত।
বিশ্বাস অর্জনের জন্য চক্রের সদস্যরা ভুক্তভোগীদের বাড়ি গিয়ে বিভিন্ন আচার ও মন্ত্র পড়ার অভিনয় করত। চিকিৎসার অংশ হিসেবে ভুক্তভোগীদের সব স্বর্ণালংকার এক জায়গায় জমা করতে বলা হতো।
এরপর অলংকারগুলো একটি রুমালে মুড়িয়ে পানির পাত্রে রাখার নাটক করে ভুক্তভোগীদের চোখ ফাঁকি দিয়ে তা নিয়ে চম্পট দিত প্রতারকেরা।
গত জুলাই মাসে ঢাকার শাহজাহানপুর থানায় এক ভুক্তভোগী মামলা দায়ের করার পর ছায়াতদন্ত শুরু করে সিআইডি। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় চক্রটিকে চিহ্নিত করা হয়।
গ্রেপ্তারের সময় জাসমিনের কাছ থেকে ২১.৮৩ গ্রাম ওজনের একটি স্বর্ণের আংটি ও লকেটসহ চেইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
আসামিদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার ও চুরি যাওয়া বাকি অলংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।


