রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।
নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, তিনি কেন এমন কথা বলেছেন, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। তার মতে, এ বিষয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত।
সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নসহ তিনটি দাবিতে এনসিপিসহ ১১ দলীয় জোটের আন্দোলন নিয়ে কথা বলেন।
ওই বক্তব্যে পাটওয়ারী বলেন, সরকার তাদের দাবিগুলো মেনে নিলে ঢাকায় আর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না। তার এই বক্তব্যের পরই বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়।
এদিকে, শুক্রবারের সংবাদ সম্মেলনে ডিএমপি রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধারের বিষয়ে তাদের অভিযান ও তদন্তের তথ্য তুলে ধরে। এর মধ্যেই পাটওয়ারীর বক্তব্য প্রসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা জানাল পুলিশ।


