রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঞ্চল্যকর শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে দুজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ডের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদপুরের বহিষ্কৃত যুবদল নেতা রিপন ওরফে রিপন মাস্টার এবং বাদল ওরফে কাইল্লা বাদল।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাইল্লা বাদল মোহাম্মদপুরের আরেক শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ ‘কিলার পাপ্পু’র অন্যতম প্রধান সহযোগী। দীর্ঘদিন ধরে সে পাপ্পুর হয়ে মোহাম্মদপুরের তিন রাস্তা, বসিলা সড়ক এবং ফুটপাতে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছে।
মোহাম্মদপুরে তার অপরাধ কর্মকাণ্ডে ন্যাকেট শাকিল, ভান্ডারি ইমন, ভাইগ্না ইয়াসিন এবং আরমান-শাহরুখ গ্রুপ সহায়তা করে থাকে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কাইল্লা বাদলের বিরুদ্ধে হত্যা, সমন্বয়কের ওপর হামলা ও চাঁদাবাজির মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
অন্যদিকে, রিপন মাস্টার মোহাম্মদপুরের আরেক সন্ত্রাসী লাল্লুর নাম ভাঙিয়ে এলাকায় চাঁদাবাজি চালিয়ে আসছিল। সম্প্রতি বসিলা এলাকার বেশ কয়েকজন ব্যবসায়ীকে মোবাইল ফোনে চাঁদার দাবিতে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
গত ২৮ এপ্রিল রাত আটটার দিকে নিউমার্কেটের পেছনের অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহ্ নেওয়াজ ছাত্রাবাসের সামনে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে নেওয়া শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ক্যাপ ও মাস্ক পরা দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। সে সময় আশপাশের লোকজন ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, নিহত টিটন এর আগে ২০২৪ সালের ১৩ আগস্ট জামিনে মুক্তি পেয়েছিলেন। এই চাঞ্চল্যকর হত্যার ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান এবং রনি ওরফে ভাঙারি রনির নাম সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়। এজাহারে বলা হয়েছে, বসিলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে টিটনের সাথে পিচ্চি হেলালের দীর্ঘদিনের বিরোধ চলছিল।


