কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তুহিন নামে এক ব্যক্তিকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পর অপ্রতীমের ব্যবহৃত মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়। এ তথ্য পাওয়ার পর শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই এলাকায় তল্লাশি শুরু করেন।
একপর্যায়ে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলায় অপ্রতীমের লাশ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া বলেন, অপ্রতীমের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে তুহিন নামে একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।
তবে আটক ব্যক্তির বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে বা তাকে কী কারণে সন্দেহ করা হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।


