...|...|...

বিশ্ব

ফিলিস্তিনিদের পক্ষে আপসহীন লড়াই, শান্তিতে নোবেল বিজয়ী কে এই নাভি পিল্লাই?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩৮
Shares
ফিলিস্তিনিদের পক্ষে আপসহীন লড়াই, শান্তিতে নোবেল বিজয়ী কে এই নাভি পিল্লাই?

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকান আইনবিদ নাভানেথাম ‘নাভি’ পিল্লাই। ছবি: সংগৃহীত

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকান আইনবিদ নাভানেথাম ‘নাভি’ পিল্লাই আন্তর্জাতিক অঙ্গনে শুধু বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই পরিচিত নন, বরং গাজায় ইসরায়েলের আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধেও অত্যন্ত জোরালো ভূমিকা পালন করেছেন। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় তার সাহসী অবস্থান বিশ্বজুড়ে তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের দায়িত্ব পালন করা এই বিশিষ্ট ব্যক্তিত্বের নোবেল প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার দফতর। সংস্থাটির মুখপাত্র শাবিয়া মান্টু জেনিভায় সাংবাদিকদের বলেন, এটি অত্যন্ত চমৎকার একটি খবর। মানবাধিকারের প্রতি আমাদের আরও বেশি নিষ্ঠা ও অঙ্গীকার প্রয়োজন।

কে এই নাভি পিল্লাই? এক নজরে তাঁর বর্ণাঢ্য জীবন:

কৈশোর ও বর্ণবাদবিরোধী লড়াই: দক্ষিণ আফ্রিকার ডারবানে বর্ণবাদের অধীনে ভারতীয় তামিল পরিবারে জন্ম নেওয়া নাভি পিল্লাই একজন আইনজীবী ও আইনি অগ্রদূত হিসেবে গভীর কাঠামোগত বৈষম্য ও বর্জনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছেন। তিনি বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নেলসন ম্যান্ডেলাসহ অন্যান্য বন্দিদের আইনি সহায়তা দিয়েছিলেন।

আন্তর্জাতিক আদালতের বিচারক: তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্ট, রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রুয়ান্ডা ট্রাইব্যুনালে ধর্ষণ ও যৌন সহিংসতাকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার পেছনে তাঁর ঐতিহাসিক অবদান ছিল।

ফিলিস্তিন সংকটে ভূমিকা: ২০২১ সালে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলা ‘পদ্ধতিগত’ নিপীড়নের বিরুদ্ধে জাতিসংঘের উন্মুক্ত তদন্ত কমিশনের নেতৃত্ব দেন নাভি পিল্লাই। ২০২৪ সালে তিনি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান যে, তাদের তদন্ত দল ইসরায়েল ও হামাসের সংঘটিত অপরাধসংক্রান্ত ৭ হাজারেরও বেশি প্রমাণের নথি আন্তর্জাতিক অপরাধ আদালতে জমা দিয়েছে। সেসময় তিনি বলেছিলেন, এর আগে আমরা এ ধরনের নজির আর কখনো দেখিনি।

বর্তমান দায়িত্ব: বর্তমানে তিনি আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্কৃক রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার মামলার বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সার্বজনীন আইনি নীতির প্রতি অবিচল প্রতিশ্রুতি, যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিত করার লড়াই এবং ফিলিস্তিনিদের পক্ষে তার আপসহীন অবস্থানই নাভি পিল্লাইকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য সবচেয়ে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে।