...|...|...

সারাদেশ

ফরিদপুরে বালুবাহী ট্রাকের নিচে ইজিবাইক, মা-ছেলেসহ নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩১
Shares
ফরিদপুরে বালুবাহী ট্রাকের নিচে ইজিবাইক, মা-ছেলেসহ নিহত ৩

ছবি: টাইমস টুডে

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বলুবাহী ট্রাকের সাথে সংঘর্ষের পর উল্টে যায় বালুবাহী ট্রাক। মুহূর্তেই ট্রাকটির নিচে চাপা পড়ে একটি প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইক। এ ঘটনায় ইজিবাইকে থাকা মা ও তার সাত বছরের ছেলের পাশাপাশি প্রাণ হারিয়েছেন ইজিবাইকচালকও। পুলিশের দাবি, দুর্ঘটনার পর বালুর নিচে চাপা পড়েই মৃত্যু হয় ইজিবাইকচালকের।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের সুমি বেগম (৩২), তার ছেলে শাওন (৭) এবং ইজিবাইকের চালক। তবে চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় সুমি বেগমের স্বামী পলাশ (৩৮)সহ আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফরিদপুর শহর থেকে একটি বালুবাহী ট্রাক কানাইপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে ট্রাকটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটির একটি চাকা বিস্ফোরিত হলে সেটি মহাসড়কের ওপর উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইক ট্রাকটির নিচে চাপা পড়ে।

দুর্ঘটনায় প্রাইভেটকারটির একাংশ ট্রাকের নিচে আটকে দুমড়েমুচড়ে যায়। অন্যদিকে, বালুভর্তি ট্রাকের নিচে ইজিবাইকটি পুরোপুরি চাপা পড়ে। এতে ইজিবাইকের যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

পুলিশ জানায়, ইজিবাইক থেকে আহত অবস্থায় তিনজনকে এবং প্রাইভেটকার থেকে একজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমি বেগম ও তার ছেলে শাওনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে, বালুর নিচে চাপা পড়েছিলেন ইজিবাইকচালক। পুলিশের দাবি, এ কারণেই তার মৃত্যু হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ইজিবাইক থেকে তিনজন এবং প্রাইভেটকার থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয় বলে তিনি জানান।