মৌলভীবাজার থেকে আজ সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যাত্রার আগে মৌলভীবাজারে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বক্তব্যে তিনি বলেন, গতকাল মৌলভীবাজার থেকে গাড়ী বহর নিয়ে শ্রীমঙ্গল যাওয়ার পর থেকে পুলিশ আমাদের ব্যারিকেড দেয়। আমরা রাস্তার উপর ৫ ঘণ্টা ছিলাম। বিএনপি আওয়ামী লীগের মতো বালুর ট্রাক দিয়ে আমাদের আটকে দেয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, বিএনপির সন্ত্রাসীদের হামলায় আমাদের একটা ছেলের চোখ নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগের সময় পুলিশের যে পোশাক ছিল, বিএনপির আমলেও একই পোশাক। তারা কি করল, ছাত্রদলের কর্মসূচি দেখে ১৪৪ ধারা জারি করল। যাতে আমরা হবিগঞ্জে কর্মসূচি পালন করতে না পারি।
নাসিরুদ্দিন পাটোয়ারী দাবি করেন, ‘হবিগঞ্জে আমরা মামলা করতে যাচ্ছিলাম, এ সময় ৫ লাখ টাকা ছিনতাই হয়েছে।’
গত ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এরপর হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
এর ফলে মঙ্গলবার শ্রীমঙ্গল ও বুধবার বাহুবলের কামাইছড়ায় এনসিপির নেতাদের আটকে দেয় পুলিশ। কামাইছড়া পুলিশ ক্যাম্প থেকেই অনলাইনে মামলা দায়ের করতে হয় নেতাদের।
হামলা ও হয়রানির প্রতিবাদ এবং পরবর্তী কর্মসূচি নিয়ে এনসিপির নেতৃবৃন্দ এখন সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সিলেটে তারা জুলাই পদযাত্রা ও জনসভা করবেন বলে জানা গেছে।


