মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে প্রশাসন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিলাশছড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা যায়, মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে হাতেনাতে কাউকে আটক করা সম্ভব হয়নি এবং তাৎক্ষণিকভাবে কাউকে দণ্ডও দেওয়া যায়নি।
তবে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় অবৈধভাবে উত্তোলিত প্রায় ১০ হাজার ঘনফুট বালু উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, জব্দ করা বালুর বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


