ফিলাডেলফিয়া স্টেডিয়ামে তীব্র ঝড়, বজ্রপাত ও প্রবল বৃষ্টির কারণে দীর্ঘ আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে পুনরায় শুরু হয়েছে ফ্রান্স ও ইরাকের মধ্যকার ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি দীর্ঘ সময় স্থগিত রেখেছিল ফিফা। কিলিয়ান এমবাপের প্রথমার্ধের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ফ্রান্স দীর্ঘ বিরতি কাটিয়ে দ্বিতীয়ার্থের খেলা শুরু করেছে।
প্রথমার্ধ শেষ হওয়ার পরপরই স্টেডিয়াম ও এর আশপাশে বজ্রপাতসহ আবহাওয়া মারাত্মক রূপ নিলে চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় ফিফা ম্যাচটি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয় এবং দর্শকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। শুরুতে মাত্র ৩০ মিনিটের বিরতির কথা বলা হলেও প্রকৃতির রূপ শান্ত না হওয়ায় অপেক্ষার প্রহর দীর্ঘ হতে থাকে।
ফিফা ও ফিলাডেলফিয়া স্টেডিয়াম কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে জানায়, স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা প্রটোকল অনুসরণ করেই ম্যাচ শুরুর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বজ্রপাতের আশঙ্কায় গ্যালারি ধীরে ধীরে খালি করে দর্শকদের স্টেডিয়ামের ভেতরে নিরাপদ আশ্রয়ে রাখা হয়। দর্শকদের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্য ধরার ও সহযোগিতা করার জন্য ধন্যবাদও জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুখবর আসে স্টেডিয়াম সূত্র থেকে। আবহাওয়ার ঝুঁকি কেটে যাওয়ায় দুই দলকে মাঠে ১৫ মিনিটের ওয়ার্ম-আপের সুযোগ দেওয়া হয় এবং এরপরই ম্যাচ অফিশিয়ালি পুনরায় শুরু হয়।
এর আগে ম্যাচের প্রথমার্ধে ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। ম্যাচের ১৪তম মিনিটে মাইকেল অলিসের পাস থেকে বক্সের বাইরে থেকে নেওয়া এক দুর্দান্ত বাঁ-পায়ের শটে ইরাকের জাল কাঁপান ফরাসি ফরোয়ার্ড। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের ১৫তম গোল পূর্ণ করলেন এমবাপে।
এর ফলে বিশ্বমঞ্চে গোলসংখ্যার দিক থেকে তিনি লিওনেল মেসি (১৮), মিরোস্লাভ ক্লোসা (১৬) এবং ব্রাজিলের রোনালদোর (১৫) মতো কিংবদন্তিদের পাশে নিজের নাম লেখালেন।
তবে স্কোরলাইন ফ্রান্সের পক্ষে ১-০ হলেও মাঠের লড়াইয়ে ইরাক মোটেও সহজ সুযোগ দেয়নি ফরাসিদের। বেশ সাহসী ও সংগঠিত ফুটবল খেলেছে মধ্যপ্রাচ্যের দেশটি। বিশেষ করে ইনজুরির কারণে দলের প্রধান তারকা আয়মান হুসেইন মাঠ ছাড়লে বদলি হিসেবে নামা আলি আল হামাদি আক্রমণে বেশ কয়েকবার ফরাসি রক্ষণভাগের কঠিন পরীক্ষা নিয়েছেন।
প্রথমার্ধ শেষে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’র সুপারকম্পিউটার হিসাব কষে জানিয়েছে ভিন্ন কথা। তাদের ম্যাচ অ্যানালাইসিস অনুযায়ী, এই ম্যাচ থেকে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৯৪.৮ শতাংশ। বিপরীতে ম্যাচের ফলাফল ড্র হওয়ার সম্ভাবনা ৪.৩ শতাংশ এবং ইরাকের অলৌকিক জয়ের সম্ভাবনা মাত্র ০.৯ শতাংশ।

