দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে এবার শর্তসাপেক্ষে ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দেশটির শীর্ষ নেতাদের সাথে বৈঠকের পর এই উদ্যোগের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
শুক্রবার (২৮ আগস্ট) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়া কর্তৃপক্ষ প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এসব কর্মীর বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় বহন করা হবে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের মালয়েশিয়ায় পাঠানো হবে।
মন্ত্রণালয় জানায়, ২০২২ সালের সমঝোতা স্মারক অনুযায়ী কর্মী পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি নির্বাচনের এখতিয়ার মালয়েশিয়া সরকারের হাতে থাকায় বিদ্যমান কাঠামোর মধ্য থেকেই বাংলাদেশ সরকার সর্বোচ্চ পর্যায়ের আলোচনা চালিয়েছে।
এরই অংশ হিসেবে মালয়েশিয়ার উচ্চপর্যায়ের যৌথ কমিটির যাচাই-বাছাই শেষে ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি ও সাব-এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ অনুমোদিত ২৫টি মূল রিক্রুটিং এজেন্সি এবং একটি সরকারি এজেন্সি রয়েছে।
এছাড়া বাংলাদেশ সরকারের অনুরোধে বিতর্কিত প্রতিষ্ঠান বাদ দিয়ে অতিরিক্ত ৩১২টি এজেন্সিকে সহযোগী হিসেবে যুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, বিমানবন্দরে হয়রানি বন্ধ, নিয়মিত বেতন-ভাতা, নিরাপদ আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে দালাল ও মধ্যস্বত্বভোগীদের প্রতারণা থেকে সতর্ক থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ধরনের আর্থিক লেনদেন, মেডিকেল পরীক্ষা বা পাসপোর্ট জমা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ করা হবে।


