বগুড়ার শিবগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে সিমেন্টবোঝাই একটি ট্রাক ধাক্কা দিয়েছে। এতে প্রতিমন্ত্রীর গাড়ির একটি দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না প্রতিমন্ত্রী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শিবগঞ্জ উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে ট্রাকের চালকের সহকারী (হেলপার) শাকিলকে আটক করে পুলিশ। একইসাথে ট্রাকটি হেফাজতে নেওয়া হয়।
মোকামতলা ট্রাফিক পুলিশের পরিদর্শক একেএম বানিউল আনাম জানান, প্রতিমন্ত্রীর গাড়িটি শিবগঞ্জ উপজেলা সদর থেকে তার গ্রামের বাড়ি বেতগাড়ির দিকে যাচ্ছিল। পথে সেবা ট্রেডার্সের সামনে পৌঁছালে সিমেন্টবোঝাই ট্রাকটি সিমেন্ট নামানোর পর সাইড করতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িতে ধাক্কা দেয়।
তিনি জানান, এতে গাড়িটির একটি দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সময় ট্রাকের চালক গাড়িতে ছিলেন না। চালকের সহকারী শাকিল ট্রাকটি চালাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও শাকিলকে হেফাজতে নেয়।
তবে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান শাহীন জানান, ট্রাক ও চালক মো. শাহীনের লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষতিপূরণ নেওয়া হয়নি।


