ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন অবিলম্বে বন্ধ এবং ইতিমধ্যে নেওয়া সব ধরনের পদক্ষেপ প্রত্যাহারের তাগিদ দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার (১৬ অক্টোবর) আজারবাইজানে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আহ্বান জানান।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর এক প্রতিবেদনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়েছে।
বৈঠকে ওয়াং ই জোর দিয়ে বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের 'জোরপূর্বক বসতি স্থাপন' বন্ধের পাশাপাশি তা প্রত্যাহার করা অত্যন্ত জরুরি। একই সাথে তিনি উল্লেখ করেন, ফিলিস্তিন সংকটকে চীন চলতি শতাব্দীর সবচেয়ে বড় ও দীর্ঘমেয়াদি ঐতিহাসিক অবিচার হিসেবে বিবেচনা করে।
বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পক্ষে চীন দীর্ঘদিন ধরে এই নীতিগত অবস্থান বজায় রেখে আসছে।


